তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :100

অন্যদিকে, ঘরের দরজা বন্ধ হতেই লিসি একেবারে মুখ ফুলিয়ে বিছানার এক পাশে বসে রইল। কিরিস কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে কাছে এসে বলল
—" এত রাগ কেন তোমার? "
লিসি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে তাকাল
—" এত ফিয়ান্সে কেন আপনার? "
কিরিস ভ্রু কুঁচকে ফেলল।
—" কী? "
—" এমনভাবে বলছেন যেন আপনার জীবনে ফিয়ান্সে একজনই ছিল! "
—" তুমি এমনভাবে বলছো? যেন আমার অনেক ফিয়ান্সে ছিল। "
লিসি এবার গুনে গুনে বলতে শুরু করল
—" হ্যাঁ, ছিল তো! আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, তখন একজনের কথা শুনেছিলাম। তারপর আরেকজনের নাম শুনলাম। তারপরে আরও দু-একজনের নাম শুনেছি। আজকে আবার নতুন করে একজন এসে নিজেই বলল, সে আপনার ফিয়ান্সে! "
কিরিস এবার কিছুক্ষণ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল
—" আমি তো এসবের কিছুই জানতাম না। "
লিসি সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল।
—" জানতেন না? "
—" না। "
—" কেন জানতেন না? "
—" কারণ এসব যখন ঠিক করা হয়েছিল, তখন আমি দেশেই ছিলাম না। বিদেশে ছিলাম। "
লিসি যেন আরও রেগে গেল।
—" বিদেশে ছিলেন কেন? "
কিরিস অবাক হয়ে বলল —" কী? "
—" হ্যাঁ, ছিলেন কেন? দেশে থাকলে তো জানতে পারতেন! "
কিরিস এবার মৃদু হেসে ফেলল।
—" আমি কী করে জানব, আমার অনুপস্থিতিতে আমার বাবা-মা কার সঙ্গে কী কথা বলেছেন? "
লিসি গম্ভীর মুখে বলল,
—" আপনার জন্য নাকি কতজনকে ঠিক করে রাখা হয়েছিল! "
—" ঠিক করে রাখা হয়েছিল বললে ভুল হবে। "
কিরিস এবার বিছানার পাশে এসে দাঁড়াল।
—" বাবা-মা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে পরিচিত পরিবারগুলোর সঙ্গে কথাবার্তা বলেছিলেন। কিন্তু কোনো সম্পর্কই পাকাপাকি হয়নি। শুধু কথার কথা ছিল। আমি তখন কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতাম না। "
লিসি ঠোঁট বাঁকিয়ে বলল —" ওহ! তাই নাকি? "
—" হুম।"
—" তাহলে সবাই আপনাকে এত পছন্দ করত কেন? "
কিরিস ভ্রু তুলল —" সেটা আমার দোষ? "
—" আপনার চেহারাটাই দোষ। "
কথাটা বলেই লিসি মুখ ঘুরিয়ে নিল। কিরিস কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল
—" তুমি তাহলে আমার চেহারার ওপর রাগ করছো? "
লিসি গম্ভীর গলায় বলল,
—" আপনার ওপর রাগ করছি।"
—" কেন? "
—" কারণ আপনি কিছু বলেননি। '
—" কী বলব? "
—"যে আপনার এত ফিয়ান্সে ছিল! "
কিরিস এবার আর হাসি সামলাতে পারল না।
—" তুমি যে কত কথা বলো! "
লিসি চোখ বড় বড় করে তাকাল।
—" আমি কথা বলি? "
—" বড্ড কথা বলো। "
লিসি রাগে তার দিকে এগিয়ে এল।
—" আর আপনি একদম কথা বলেন না! "
কিরিসও এক পা এগিয়ে এল। দুজনের মধ্যকার দূরত্ব মুহূর্তেই কমে গেল। লিসি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কিরিস হঠাৎ তার সামনে থেমে গেল। কয়েক মুহূর্ত শুধু চোখে চোখ রেখে রইল দুজন। লিসির রাগ তখনও আছে, তবে সেই রাগের আড়ালে অস্বস্তি আর অভিমানও স্পষ্ট। কিরিস নিচু স্বরে বলল
—" শোনো, অতীতের ওই কথাগুলোর কোনো মূল্যই আমার কাছে ছিল না। "
লিসি চুপ।
—" কারণ তখন আমি কাউকেই নিজের জীবনে জায়গা দিইনি। "
লিসি ধীরে চোখ তুলল, কিরিস তার মুখের দিকে তাকিয়ে বলল,
—" জায়গাটা তুমি নিয়েছো, আমি জীবনের শুরু থেকেই.. আমার এই হৃদয় যবে থেকে স্পন্দিত হয়েছে তবে থেকে। "
লিসির চোখের কঠোরতা সামান্য নরম হয়ে এল। কিরিস ধীরে তার হাতটা ধরল। লিসি এবার হাত সরিয়ে নিল না। কিছুক্ষণ এইভাবেই থাকলো, কিরিস মনে করছে এইবার হয়তো তার বউজানের রাগটা কমেছে। কিন্তু লিসি তখনও রাগে গজগজ করছে। কিরিসের কোনো উত্তরই যেন তার মনমতো হচ্ছে না।
—" আপনার সঙ্গে কথা বলাই বৃথা! সবকিছুর উত্তর আপনার কাছে একটাই...জানি না, জানতাম না! "
কিরিস চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। লিসি আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই কিরিস হঠাৎ তাকে থামিয়ে দিল। এক মুহূর্তে তাকে বিছানায় বসে থাকা অবস্থায় বেডের উপর সুয়ে দিলো, কিরিস তার উপরে। লিসি বিস্মিত হয়ে বলল —" কী করছেন আপনি? "
সে সরে যেতে চাইলে কিরিস আলতো কিন্তু দৃঢ়ভাবে তার দুহাত নিজের হাতে আটকে রাখল। কিরিসের চোখে তখন দুষ্টু এক ঝিলিক।
—" বড্ড কথা বলো। "
লিসি চোখ বড় করে তাকাল।
—" ছাড়ুন আমাকে! "
—" ছাড়লে আবার শুরু করবে। "
—" আমি কথা বলবই! "
—" সেটাই তো সমস্যা। "
লিসি হাত ছাড়ানোর চেষ্টা করল।
—" ছাড়ুন! "
কিরিস এবার আর কোনো উত্তর দিল না। শুধু তার দিকে ঝুঁকে এসে কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। লিসির রাগী চোখ ধীরে ধীরে থেমে গেল। পরক্ষণেই কিরিস তার ঠোঁটে একটি দীর্ঘ, গভীর কিন্তু কোমল চুম্বন রাখল। হঠাৎ এমনটা হওয়ায় লিসি প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর স্বভাবতই তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু কিরিস তার হাত দুটো আলতোভাবে ধরে রাখায় সে সহজে সরে যেতে পারল না। কয়েক মুহূর্ত পর কিরিস নিজেই সরে এল।
লিসির মুখ তখন লজ্জা আর অভিমানে লাল হয়ে উঠেছে। সে ফিসফিস করে বলল
—" আপনি একদম অসহ্য! "
কিরিস শান্ত গলায় উত্তর দিল
—" তবুও তো আমার সঙ্গেই আছো। "
লিসি চোখ সরিয়ে নিয়ে মুখ ফুলিয়ে বলল
—" এখনো রাগ করে আছি। "
কিরিস মৃদু হেসে তার হাত ছেড়ে দিল।
—" থাকো। তবে এত কথা বলো না। "
লিসি সঙ্গে সঙ্গে তাকিয়ে বলল,
—" আবার শুরু করেছেন! "
কিরিস আবার তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল
—" এবারও কি রাগ করে থাকবে? "
লিসি ঠোঁট ফুলিয়ে বলল,
—" একটু। "
—" কতক্ষণ?"
—" জানি না। "
কিরিস হেসে তার গালটা আলতো করে ছুঁয়ে দিল।
—" তাহলে আমি অপেক্ষা করছি। "
লিসি এবার অনিচ্ছাসত্ত্বেও মৃদু হাসল। তারপর খুব আস্তে বলল — " কিন্তু ওই ফিয়ান্সেটাকে আমি পছন্দ করিনি। "
কিরিসের ঠোঁটে আবার সেই শান্ত হাসি ফুটে উঠল।
—" আমার স্ত্রী যা পছন্দ করে না, সেটা আমিও পছন্দ করি না। "
কিরিস কিছুক্ষণ পর উঠে দাঁড়াল।
—" আমি একটু ফ্রেশ হয়ে আসছি। "
লিসি তখনও বিছানার পাশে বসে ছিল। শুধু মাথা নেড়ে আবার নিজের কাজে মন দিল। কিরিস পোশাক নিয়ে বাথরুমে চলে গেল। দরজা বন্ধ হওয়ার পর লিসিও আর বসে থাকল না। ভ্রমণের সময় সঙ্গে আনা ব্যাগটা খুলে একে একে জামাকাপড় বের করতে শুরু করল।
পরিষ্কার পোশাকগুলো আলাদা করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখল। যেগুলো ধোয়ার প্রয়োজন, সেগুলো আলাদা করে কাপড় রাখার বাস্কেটে রেখে দিল।
শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে রাখার সময় লিসির চোখে পড়ল নিজের এলোমেলো খোপা। একটা দীর্ঘশ্বাস ফেলে চুলগুলো হাত দিয়ে ঠিক করল। সব গুছিয়ে নেওয়ার পর অবশেষে বিছানায় এসে বসল।
ক্লান্ত শরীরটা একটু এলিয়ে দিয়ে নিজের ফোনটা হাতে নিতেই মুখটা কুঁচকে গেল। ফোনের স্ক্রিনটা পুরোপুরি ফেটে জালির মতো হয়ে আছে। লিসি আঙুল দিয়ে স্ক্রিনটা ছুঁয়ে বিরক্ত গলায় বলল
—" ইশ! এই ফোনটা শেষ করে দিল! "
ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল।
কিরিস ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। চুলগুলো ভেজা, গায়ে পরিষ্কার টি-শার্ট আর ট্রাউজার। হাতে তোয়ালে।
সে লিসির দিকে একবার তাকিয়ে কিছু না বলে নিজের ল্যাপটপটা খুলে বিছানার অন্য পাশে বসে গেল।
লিসি তখনও নিজের ফোনের ভাঙা স্ক্রিন নিয়ে ব্যস্ত।
কিছুক্ষণ পর সে উঠে নিজের ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার পর কিরিসের চোখ পড়ল বিছানার ওপর পড়ে থাকা ফোনটার দিকে। সে ফোনটা হাতে তুলে নিল।
স্ক্রিনের অবস্থা দেখে ভ্রু কুঁচকে গেল। কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার টেবিলের ওপর রেখে দিল। ল্যাপটপে কাজ করতে শুরু করলেও তার চোখে এক মুহূর্তের জন্য সেই ভাঙা স্ক্রিনটাই ভেসে উঠল। কিছুক্ষণ পর লিসি ফ্রেশ হয়ে বেরিয়ে এল। চুলগুলো ভেজা, মুখটা একেবারে সতেজ।
বেরিয়েই দেখল কিরিস ল্যাপটপে কাজ করছে।
লিসি নিজের ফোনটা হাতে নিয়ে তার দিকে তাকাল।
—" আপনার জন্যই কিন্তু আমার ফোনটার এই অবস্থা। "
কিরিস চোখ না তুলেই বলল
—"আমার জন্য?"
—" হ্যাঁ।"
—আমি কী করেছি?
লিসি বিরক্ত মুখে ফোনটা দেখিয়ে বলল,
—" সেদিন...আপনার জন্যই.. ।"
কিরিস এবার ল্যাপটপ থেকে চোখ তুলল।
—" তাহলে নতুন একটা কিনে দেব। "
লিসি একটু থেমে গেল।
—" সত্যি?"
—" হুম। "
—" কোনো সাধারণটা না কিন্তু। "
কিরিসের ঠোঁটের কোণে হাসি ফুটল।
—" তোমার পছন্দমতো। "
লিসি মুখে রাগ ধরে রাখার চেষ্টা করেও পুরোপুরি পারল না।
—" থাক। আগে নিচে যাই। "
সে দরজার দিকে এগিয়ে গেল। কিরিস আবার ল্যাপটপের দিকে মন দিল। লিসি একবার পেছনে তাকিয়ে বলল
—" আর আমার ফোনটা কিন্তু ভুলবেন না। "
—" ভুলব না "
লিসি নিচে এসে হলরুমে ঢুকতেই দেখল, সবাই প্রায় আগের মতোই একসঙ্গে বসে আছে। কেউ সোফায়, কেউ মেঝেতে, কেউ আবার চেয়ারে হেলান দিয়ে গল্প করছে।
লিসিকে দেখেই আরোবি একটু সরে জায়গা করে দিল।
—" এই যে, মহারানী এসে গেছেন। এখানে বস। "
লিসি মুচকি হেসে গিয়ে আরোবির পাশে বসল।
সুরভী সঙ্গে সঙ্গে বলল
—"কী হলো? এতক্ষণ কোথায় ছিলি?"
লিসি বলল —" উপরে গিয়েছিলাম। একটু ফ্রেশ হলাম। "
আরোবি কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল
—" তা, বল তো... পায়েলকে কেমন লাগল?"
লিসি একটু থেমে গেল তারপর ভ্রু কুঁচকে বলল
—" কেমন লাগবে আবার? "
—" আরে, মানুষ হিসেবে কেমন লাগল? "
—" ভালোই। "
আরোবি চোখ ছোট করে তাকাল।
—" শুধু ভালো? "
—" হুম।"
—" তোর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে ‘ভালো’ শব্দটার ভেতরে অনেক ইতিহাস আছে। "
লিসি বিরক্ত হয়ে বলল —" তুই না, বেশি বুঝিস। "
আরোবি হেসে ফেলল।
—" বুঝব না? তুই যখন প্রথম ওকে দেখলি, তখন তোর মুখের অবস্থা দেখেছিস? "
লিসি একটু অপ্রস্তুত হয়ে গেল
—" আমি কী করেছি?"
জারা সঙ্গে সঙ্গে কথায় যোগ দিল।
—" কিছুই করিসনি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরিস আর পায়েলের দিকে তাকিয়ে ছিলি। "
তিশা হেসে বলল
—" আর পায়েল যখন বলল, ‘আমি কিরিসের ফিয়ান্সে’, তখন তোর মুখটা..."
সে নিজের মুখটা অদ্ভুতভাবে বাঁকিয়ে লিসিকে অনুকরণ করতেই সবাই হেসে উঠল। লিসি চোখ বড় বড় করে বলল —" তোরা সবাই আমাকে দেখছিলি?"
আরোবি বলল—" অবশ্যই। এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় নাকি? "
নুসরাত হেসে বলল
—" তারপর তুই যখন বললি ‘কিরিসের বউ’.. আমি তো মনে করেছিলাম আজকে বাড়ির ছাদটাই উড়ে যাবে।
লিসি লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল।
—" আমি তো সত্যিটাই বলেছি। "
আরোবি সঙ্গে সঙ্গে বলল,
—" সেটাই তো! আর কিরিসের মুখটা দেখেছিলি? "
লিসি এবার চুপ করে গেল। তার মনে পড়ে গেল সেই মুহূর্তটা। কিরিস কিছু না বলেও যেন সব বলে দিয়েছিল।
আরোবি লিসির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল।
—" কী হলো? আবার ভাবনায় চলে গেলি? "
—" না।"
—" মিথ্যা।"
সুরভী এবার বলল
—" তবে পায়েলকে নিয়ে সাবধানে থাকিস।"
লিসি একটু চিন্তিত হয়ে তাকাল।
—" কেন?"
আরোবি উত্তর দিল
—" কারণ ও কিরিসকে পছন্দ করে। অনেক আগে থেকেই। "
লিসি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে বলল
—" আমি বুঝেছি। "
আরোবি এবার লিসির হাতটা আলতো করে চেপে ধরল।
—" তুই চিন্তা করিস না। তুই কিরিসের বউ। এটা সবাই জানে।"
লিসি মৃদু হেসে বলল,
—" জানি। "
আরোবি সঙ্গে সঙ্গে দুষ্টু হাসি দিয়ে বলল,
—" আর তোর স্বামীও সেটা খুব ভালো করেই জানে।"
লিসি চোখ পাকিয়ে বলল,
—" চুপ কর!"
সবাই আবার হেসে উঠল। হলরুমের পরিবেশটা ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কিন্তু পায়েলের ঘরের বন্ধ দরজার ওপারে যে ঝড় জমে আছে, তার আঁচ এখনো কেউ পুরোপুরি বুঝতে পারছে না।
হলরুমে তখনও সবাই গল্পে মেতে আছে। লিসি আর আরোবি পাশাপাশি বসে কথা বলছিল। ঠিক তখনই ইশান ধীরে ধীরে ওদের কাছে এসে দাঁড়াল। আরোবি কথা থামিয়ে তাকাল।
—" কী হলো ভাইয়া? "
ইশান কিছুক্ষণ চুপ করে থেকে লিসির দিকে তাকাল। মুখে এবার ভাই হিসেবে এক ধরনের সংকোচ।
—" লিসি, তোকে একটা কথা বলব?"
লিসি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল।
—" হ্যাঁ, বলুন।"
ইশান নিচু স্বরে বলল,
—" পায়েল আজকে তোকে যেভাবে কথা বলেছে... ওর জন্য তোকে একটু মাফ করে দিস। "
লিসি কিছুক্ষণ চুপ করে রইল। ইশান আবার বলল
—"ও আসলে অনেক বছর পর দেশে ফিরেছে। আর কিরিসকে নিয়ে ওর মনে অনেক কিছু ছিল। আজকে হঠাৎ এসে যখন দেখল... সবকিছু ওর ধারণার বাইরে, তাই হয়তো নিজেকে সামলাতে পারেনি।"
লিসি শান্তভাবে শুনছিল। আরোবিও এবার চুপ করে গেল। ইশান দীর্ঘশ্বাস ফেলে বলল
—" পায়েল ছোটবেলা থেকেই একটু জেদি। নিজের পছন্দের ব্যাপারে আরও বেশি। কিন্তু ও খারাপ মেয়ে না। আজকে যা বলেছে, যেভাবে আচরণ করেছে সবটা তুই মনে রাখিস না।"
লিসি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে মাথা তুলল।
—" আমি ওর ওপর রাগ করে নেই।"

ইশান অবাক হয়ে তাকাল। লিসি মৃদু হেসে বলল
—" ও আমাকে চেনে না। আমিও ওকে চিনি না। হঠাৎ এসে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারও সঙ্গে দেখে ওর কষ্ট হয়েছে। তাই রাগের মাথায় যা বলেছে, সেটা আমি বুঝতে পারছি। "
ইশানের মুখটা একটু নরম হয়ে গেল।
—" তুই সত্যিই কিছু মনে করিসনি? "
লিসি মাথা নাড়ল।
—" না। তবে... "
ইশান থেমে গেল।
—" তবে কী? "
লিসি সামান্য মুচকি হেসে বলল,
—" আমার স্বামীকে নিয়ে বেশি কিছু করতে এলে কিন্তু আমি চুপ করে থাকব না। "
এক মুহূর্তের নীরবতা। তারপর আরোবি হেসে উঠল।
—" এই তো! এটাই আমার লিসি! "
ইশানও হেসে মাথা নাড়ল।
—" ঠিক আছে। সেটুকু অধিকার তোর থাকবেই। "
তারপর একটু থেমে বলল
—" শুধু ওকে একটু সময় দিস।"
লিসি শান্ত গলায় বলল,
—" দেবো। "
ইশান স্বস্তির নিঃশ্বাস ফেলল।
—" ধন্যবাদ। "
সে চলে যেতে উদ্যত হতেই আরোবি পেছন থেকে বলল,
—" নিজের বোনকে আগে সামলাও। আমাদের লিসি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। "
ইশান হেসে বলল,
—" সেটাই তো এখন সবচেয়ে কঠিন কাজ! "
কথাটা শুনে সবাই আবার হেসে উঠল।
সন্ধ্যাটা তখন ধীরে ধীরে গাঢ় হয়ে এসেছে। রায়চৌধুরী বাড়ির বিশাল দোতলা বাড়িটাজুড়ে দিনের ব্যস্ততার পর এক ধরনের স্বস্তিদায়ক কোলাহল ছড়িয়ে আছে। বাইরে মৃদু বাতাস, আর ভেতরে রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার চেনা গন্ধ। ড্রয়িংরুমের একপাশে গোল হয়ে বসে আছে আরোবি, সুরভী, জারা, লিজা, হিয়া, তিশা, নুসরাত, আরিয়ান, তূর্য, ইশান, ইয়াবি, কাবির ও রিহান। তাদের মাঝেই চুপচাপ বসে আছে লিসি। কখনো কারও কথায় মৃদু হাসছে, কখনো আবার নিরবে সবার কথা শুনছে। অন্যদিকে রান্নাঘরে রাতের খাবারের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রিয়া আর সুপ্রিয়া। একজন সবজি কাটছে, অন্যজন চুলার পাশে দাঁড়িয়ে রান্নার তদারকি করছে। বাড়িটা যেন প্রতিদিনের স্বাভাবিক ছন্দেই ফিরে এসেছে। এরই মধ্যে অফিস থেকে ফিরে এসেছেন আনোয়ার ও আনারুল। দুজনেই ফ্রেশ হয়ে স্টাডি রুমে বসেছেন। সামনে খোলা কিছু ফাইল, পাশে ল্যাপটপ। ব্যবসার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে গম্ভীর আলোচনা চলছে।
—“এই প্রজেক্টটা যদি আমরা এই মাসের মধ্যে ক্লোজ করতে পারি, তাহলে পরের কোয়ার্টারে চাপটা অনেকটাই কমে যাবে।”
আনারুলের কথার জবাবে আনোয়ার ধীরস্থিরভাবে বললেন
—“হ্যাঁ, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো হিসাবটা আরেকবার দেখে নিস। তাড়াহুড়ো করে কোনো কমিটমেন্ট করতে চাই না।”
ঠিক তখনই সুপ্রিয়া দু’কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে স্টাডি রুমে ঢুকল।
—“এই নিন, তোমাদের চা।”
চায়ের কাপ দুটো টেবিলের ওপর রেখে সে আবার রান্নাঘরের দিকে চলে গেল। সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। এমন একটি সন্ধ্যা, যেখানে বাড়ির প্রতিটি মানুষ নিজের নিজের ব্যস্ততায় ডুবে আছে।
কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেই হঠাৎ সিঁড়ির কাছ থেকে ভেসে এলো পায়ের শব্দ। সবাইয়ের কথাবার্তা থেমে গেল না ঠিকই, তবে কয়েক জোড়া চোখ অনিচ্ছা সত্ত্বেও সেদিকেই চলে গেল.....পায়েল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। দূর থেকেই বোঝা যাচ্ছিল, চোখ দুটো অস্বাভাবিক রকম লাল। যেন অনেকক্ষণ ধরে কান্না করেছে। তবে চোখের সেই লালচে ভাবটুকু যতটা সম্ভব সামলে রেখেছে সে। মুখে স্বাভাবিক থাকার চেষ্টা, ঠোঁটে হালকা হাসি। পরনে আগের মতোই ফ্রান্সিয়ান স্টাইলের ক্যাজুয়াল পোশাক সাদামাটা অথচ তার ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই।
কেউ কিছু বলল না। তবে সবাই একবার করে তাকাল।
লিসিও তাকিয়ে রইল কিছুক্ষণ।।পায়েলের চোখ হঠাৎ লিসির চোখের সঙ্গে মিলতেই তার মুখের হাসিটা সামান্য কেঁপে উঠল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সে সোজা লিসির কাছে এগিয়ে গেল। লিসি একটু সরে বসার জায়গা করে দিল। পায়েল কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরস্বরে বলল
—“কিছু মনে করো না, লিসি। আমি যে কথাগুলো বলেছিলাম... আসলে আমি জানতাম না যে আমার ফিয়ান্সের বিয়ে হয়ে গেছে।”
শেষ কথাটায় অদৃশ্য একটা খোঁচা ছিল। খুব সূক্ষ্ম। কিন্তু বোঝার মতো যথেষ্ট। চারপাশের কয়েকজনের মুখ মুহূর্তেই থমকে গেল। আরোবি আর সুরভী একবার চোখাচোখি করল। লিসি অবশ্য বিষয়টা নিয়ে কোনো উত্তেজনা প্রকাশ করল না। বরং ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল
—“আরে, কোনো ব্যাপার না আপু। আমি কিছু মনে করিনি।”
একটু থেমে খুব স্বাভাবিক ভঙ্গিতে যোগ করল,
—“আর তাছাড়া তুমি তো আমার নিজেরই খালাতো বোন, তাই না?”
কথাটার মধ্যে কোনো অভিযোগ ছিল না। ছিল শুধু সহজ, নির্মল স্বাভাবিকতা। পায়েল কয়েক সেকেন্ড লিসির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে মাথা নাড়ল।
—“হ্যাঁ... ঠিকই ভেবেছো।”
কথাটা বলে সে লিসির পাশেই বসে পড়ল।
লিসি আর কিছু বলল না। শুধু সামনের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই ওপরতলা থেকে ভারী অথচ নিয়ন্ত্রিত পদক্ষেপের শব্দ শোনা গেল। কথাবার্তার মাঝেও শব্দটা আলাদা করে বোঝা গেল। কয়েকজন স্বাভাবিকভাবেই সিঁড়ির দিকে তাকাল। সিঁড়ি বেয়ে নিচে নামছে কিরিস। এক হাতে ফোন, ফোনটা কানের কাছে। মুখের অভিব্যক্তি যথারীতি কঠিন ও নির্লিপ্ত। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন চলছে বলেই মনে হচ্ছে।
সে ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে এসে নিচে নামল।
কেউ তাকে ডাকল না। কিরিসও কারও দিকে বিশেষ নজর দিল না। ফোনে কথা বলতে বলতেই সোজা এগিয়ে এসে ঘরের তার নির্দিষ্ট জায়গায় বসে পড়ল। সেখানে আগে থেকেই তার ল্যাপটপ রাখা ছিল। ল্যাপটপের ঢাকনাটা বন্ধ। কিরিস বসে এক হাত দিয়ে সেটার ওপর রাখল। তারপর ফোনের ওপাশের ব্যক্তির কথা মন দিয়ে শুনতে শুনতে চোখ তুলে একবার পুরো ঘরটার দিকে তাকাল। তার দৃষ্টি একে একে সবার ওপর দিয়ে গিয়ে থামল লিসির ওপর। আর লিসির ঠিক পাশেই বসে থাকা পায়েলের ওপর। মাত্র কয়েক সেকেন্ড। কিরিসের চোখে কোনো বিস্ময় দেখা গেল না। কোনো প্রশ্নও নয়।
শুধু ঠান্ডা, গভীর সেই দৃষ্টি। তারপর আবার ফোনের কথোপকথনে মন দিল সে। কিন্তু ঘরের স্বাভাবিক সন্ধ্যাটা যেন সেই এক মুহূর্তেই অদৃশ্যভাবে অন্য রকম হয়ে উঠল।
কিরিস তখনও ফোনে ব্যস্ত। বিদেশি কোনো ব্যবসায়িক পার্টনারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাই চলছিল। তার কণ্ঠ বরাবরের মতোই সংযত, দৃঢ় প্রয়োজনের অতিরিক্ত একটি শব্দও ব্যয় করছে না। কিছুক্ষণ পর কথোপকথন শেষ করে সে ফোনটি নামিয়ে রাখল। কিন্তু ফোনটা রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বেজে উঠল।
কিরিস স্ক্রিনের দিকে একবার তাকিয়ে কলটি রিসিভ করল।
—“হ্যাঁ, বলো।”
ওপাশ থেকে কিছুক্ষণ কথা শোনার পর কিরিস চেয়ারে হেলান দিয়ে বসল।
—“ঠিক আছে। তুমি আগামী সপ্তাহে ওকে নিয়ে এসো। ওখানেই নিয়ে আসবে।”
কিছুক্ষণ নীরব থেকে আবার বলল
—“আমি তখন ওখানে থাকব। ব্যবসার কাজেই যাচ্ছি। সেখান থেকে ওকে সঙ্গে করে নিয়ে আসব। তারপর সরাসরি বাড়িতে নিয়ে আসব।”
ওপাশের মানুষটি সম্ভবত আরও কিছু বলল। কিরিস এবার সংক্ষিপ্ত স্বরে বলল,
—“হুম। বাকি ব্যাপারটা তুমি সামলে নাও।”
এরপর কলটি কেটে দিল। ফোনটা টেবিলের ওপর রেখে সে সামনে থাকা ল্যাপটপটা নিজের দিকে টেনে নিল। ঢাকনা খুলে স্ক্রিন অন করল। কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ তার দৃষ্টি উঠে গেল সামনে।
সোজা লিসির দিকে। লিসিও ঠিক তখনই তার দিকেই তাকিয়ে ছিল। দুজনের চোখে চোখ পড়তেই আশপাশের সমস্ত শব্দ যেন কয়েক মুহূর্তের জন্য দূরে সরে গেল।
কিরিস কিছু বলল না। শুধু চোখের ইশারায় খুব স্বাভাবিক ভঙ্গিতে বুঝিয়ে দিল— ' কফি চাই। '
লিসির ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল।
সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। পাশে বসে থাকা আরোবির দিকে তাকিয়ে বলল
—“তুই দুধ চা খাবি?”
আরোবি ভ্রু কুঁচকে লিসির দিকে তাকাল।
—“তুই কি বানাতে যাচ্ছিস নাকি?”
লিসি হালকা মাথা নেড়ে বলল
—“হুম। ভাইয়ার কফিটা বানিয়ে দেব। তুই যদি খাস, তোরটাও বানিয়ে দিচ্ছি।”
আরোবি এক মুহূর্তও দেরি করল না।
—“হ্যাঁ, বানিয়ে দে।”
কথাটা শুনেই পায়েল সামান্য নড়েচড়ে বসল।
ঠোঁটে একটা মৃদু হাসি এনে বলল
—“এতটা কনফিডেন্ট হওয়া ভালো না, জানো? কিরিস কিন্তু শুধু বড় মামীর হাতের কফি খায়। মানে, ওর মায়ের হাতের। তুমি যেটা বানাবে, সেটা যদি ওর পছন্দই না হয় তাহলে তোমার পরিশ্রমটাই বৃথা যাবে।”
কথাটা শুনে চারপাশে হঠাৎ একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। লিসি বুঝতে পারল, কথার আড়ালে খোঁচাটা ঠিক কোথায়। তবুও তার মুখের হাসিটা বদলাল না।
খুব শান্তভাবেই বলল
—“কোনো ব্যাপার না। উনি খান কি না, সেটা পরে দেখা যাবে।”
তারপর পায়েলের দিকে তাকিয়ে ভদ্রভাবে প্রশ্ন করল,
—“আপু, আপনি কফি খাবেন?”
পায়েলের মুখের আত্মবিশ্বাস একটুও কমল না।
—“ হুম। তবে একটা কথা বলি? তুমি যদি কিরিসের সম্পর্কে এতটুকুও জেনে থাকো, তাহলে এটাও জানা উচিত ওর পছন্দ-অপছন্দ আমার অজানা নয়।”
কয়েকজন কাজিন এবার একে অপরের মুখের দিকে তাকাল। পায়েল কথাটা আরও স্পষ্ট করে বলল
—“ও যে ধরনের কফি খায়, আমিও ঠিক সেই ধরনের কফিই খাই। ওর টেস্ট আর আমার টেস্ট প্রায় একই।”
আরোবি নিচু গলায় সুরভীকে বলল
—“শুরু হয়ে গেল।”
পায়েল যেন শুনতেই পেল না আবার বলল
—“আর কিরিস খুব সাধারণ খাবারও পছন্দ করে না। ওর খাবারের পছন্দটাও একটু... বিদেশি ধাঁচের। খুব নির্দিষ্ট একটা টেস্ট আছে ওর।”
কথাটা শেষ হতেই ইশান দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল।
—“আরে আমার বোন, এবার থাম তো!”
সবাই হেসে ফেলল ইশান নিজের মনে মনে বললো
—“তুই আমার বোন আর আমি তোর ভাই এই সম্পর্কটার মান রাখ !”
আরোবি সঙ্গে সঙ্গে হেসে বলল
—“ইশান আমার মনে হয় না থামবে! ”
তূর্যও হেসে উঠল।
—“পায়েল আপুর আজকে মনে হয় পুরো গবেষণা শেষ।”
পায়েল বিরক্ত চোখে সবার দিকে তাকাল।
—“তোমরা বুঝবে না।”
লিসি এতক্ষণ চুপচাপ শুনছিল। শেষ পর্যন্ত খুব শান্ত গলায় বলল
—“ঠিক আছে। আজকে আমি বানিয়ে দিচ্ছি।”
সে একবার কিরিসের দিকে তাকাল। কিরিস তখনও ল্যাপটপের দিকে তাকিয়ে ছিল, তবে ঠোঁটের কোণে অতি সামান্য একটা বাঁক ফুটে উঠেছিল। লিসি আবার পায়েলের দিকে তাকিয়ে বলল
—“খেয়ে দেখবেন। যদি পছন্দ না হয়, তাহলে আর কখনো বানিয়ে দেব না।”
কথাটা বলে সে আর দাঁড়াল না। সোজা রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে তখনও প্রিয়া আর সুপ্রিয়া রাতের খাবারের প্রস্তুতিতে ব্যস্ত। লিসি ভেতরে ঢুকেই সুপ্রিয়ার কাছে গিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল
—“আম্মু, আমি কফি বানাবো। কফির কাপটা দিন তো।”
সুপ্রিয়া সঙ্গে সঙ্গে তাকের দিকে হাত বাড়িয়ে সুন্দর একটা কাপ এগিয়ে দিল।
—“এই নাও মা।”
লিসি কাপটা হাতে নিয়ে হেসে বলল
—“থ্যাঙ্ক ইউ, আম্মু।”
সুপ্রিয়া আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল।
কিন্তু রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে থাকা পায়েলের কানে কথাটা স্পষ্টভাবে পৌঁছে গেল।
“আম্মু।”
এক মুহূর্তের জন্য তার মুখের হাসি জমে গেল।
চোখের ভেতর দিয়ে তীব্র এক রাগ ঝলসে উঠল।
লিসি এই বাড়িতে কতটা আপন হয়ে গেছে সেটা যেন ওই একটি শব্দেই আরও স্পষ্ট হয়ে গেল।বতবু পায়েল কিছুই প্রকাশ করল না। মুখে সেই আগের স্বাভাবিক অভিব্যক্তিই রেখে ধীরে ধীরে ফিরে গেল। কারণ সে জানে এখন রাগ দেখানোর সময় নয়।
এই খেলায় সে অনেক দূর এগিয়ে এসেছে। দাবার বোর্ডে নিজের ঘুঁটিগুলো একে একে সাজিয়ে ফেলেছে সে।
এখন শুধু চাল দেওয়ার অপেক্ষা।
আর সেই চালটা সে এমনভাবে দিতে চায়, যাতে শেষ পর্যন্ত কেউ বুঝতেই না পারে, খেলাটা আসলে কবে থেকে শুরু হয়েছিল। রান্নাঘর থেকে কিছুক্ষণ পর লিসি ফিরে এল। দুই হাতে বেশ যত্ন করে ট্রেটা ধরে রেখেছে সে। ট্রের ওপর সাজানো কয়েকটি কাপের পাশাপাশি ছোট একটি বাটিতে ছিল ড্রাই ফ্রুটস আর বাদাম। ওগুলো অবশ্যই কিরিসের জন্য। কাজিনদের চোখ পড়তেই আরোবি নিচু গলায় বলল
—“ওহ্, সাহেবের জন্য তো দেখি পুরো রাজকীয় আয়োজন!”
সুরভী হেসে বলল
—“কফির সঙ্গে আবার ড্রাই ফ্রুটসও!”
লিসি কোনো উত্তর দিল না। শুধু মৃদু হেসে ট্রেটা নিয়ে এগিয়ে গেল। কিরিস তখন নিজের জায়গায় বসে ল্যাপটপে কাজ করছে। এক হাত কিবোর্ডের ওপর, অন্য হাতে মাউস। মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব।
লিসি তার সামনে গিয়ে দাঁড়াল। কিরিস চোখ না তুলেই বুঝতে পারল, কে এসে দাঁড়িয়েছে।
লিসি কফির কাপটা তার ল্যাপটপের পাশের টেবিলে রাখল। তারপর বাটিতে রাখা ড্রাই ফ্রুটস আর বাদামও সুন্দর করে তার পাশে রেখে বলল
—“নিন, খেয়ে নিন।”
কিরিস এবার স্ক্রিন থেকে চোখ সরিয়ে লিসির দিকে তাকাল। এক মুহূর্ত তার চোখে চোখ রেখে খুব স্বাভাবিক অথচ কোমল স্বরে বলল
—“ধন্যবাদ।”
লিসি হালকা মাথা নেড়ে সরে গেল। তারপর ট্রে থেকে আরেকটি কাপ তুলে নিয়ে আরোবির হাতে ধরিয়ে দিল।
—“এই নে, তোর দুধ চা।”
আরোবির মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল।
—“আহা! এটাই তো চাই।”
সে কাপটা হাতে নিয়ে বসে পড়ল। তারপর যেন বহু প্রতীক্ষিত কোনো জিনিস পেয়েছে এমন ভঙ্গিতে কাপটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল।
—“উফ্! কী সুন্দর গন্ধ!”
আরোবি প্রথম চুমুক দিতেই চোখ বন্ধ করে ফেলল।
—“লিসি, তুই থাকলে আমার আর কোনো চা-ওয়ালার দরকার নেই।”
লিসি হেসে মাথা নাড়ল। কিন্তু ট্রেতে তখনও একটি কাপ রয়ে গেছে। পায়েলের জন্য। লিসি সেটাও নিয়ে তার দিকে এগিয়ে গেল।
—“আপু, আপনার কফি।”
পায়েল কয়েক সেকেন্ড কাপটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে সেটি হাতে নিল। তার চোখ অবশ্য অনিচ্ছায় হলেও চলে গেল কিরিসের দিকে। কিরিস ইতিমধ্যে নিজের কফির কাপ হাতে তুলে নিয়েছে।
কাপটা ঠোঁটের কাছে নিয়ে কোনো দ্বিধা ছাড়াই প্রথম চুমুক দিল। তারপর কাপটা নামিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখল। কোনো ভ্রু কুঁচকানো নেই।
কোনো অস্বস্তি নেই। এমনকি কফিটা পছন্দ হয়েছে কি না সেটা বোঝানোর জন্য আলাদা কোনো প্রতিক্রিয়াও নেই। যেন এটাই তার পরিচিত স্বাদ। পায়েল কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর নিজের কাপটা হাতে তুলে কফির গন্ধ নিল।।গন্ধটা সত্যিই বেশ গভীর। কফির রোস্টেড অ্যারোমার সঙ্গে দুধের একটা ভারসাম্যপূর্ণ ঘ্রাণ। সে ধীরে এক চুমুক খেল। তারপর আরেক চুমুক।
চোখের দৃষ্টি অজান্তেই বদলে গেল। কফিটা সত্যিই ভালো। শুধু ভালো নয়, তার নিজের পছন্দের সঙ্গেও আশ্চর্যরকম মিলে যাচ্ছে। পায়েল কিছুক্ষণ নীরব রইল।
ওদিকে কিরিস ইতিমধ্যে বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফি খেতে খেতে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। মাঝেমধ্যে বাটিতে রাখা বাদাম থেকে একটা তুলে নিচ্ছে, আবার স্ক্রিনে চোখ রাখছে। তূর্য পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল।
হঠাৎ সে মুখ টিপে হেসে বলল
—“পায়েল আপু, কেমন?”
পায়েল উত্তর দিল না ইশান এবার মজা করে বলল,
—“কী হলো? ভালো লাগছে না?”
আরোবি সঙ্গে সঙ্গে কথাটা ধরে ফেলল।
—“হ্যাঁ আপু, বলো না। কিরিস ভাইয়া মায়ের হাতের কফির পর এবার ওর বউয়ের মানে লিসির হাতের কফি খায় । কেমন হলো?”
সুরভী হেসে যোগ করল,
—“ঠিকই তো। মায়ের হাতের পর বউয়ের হাতের কফিই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ!”
জারা খিলখিল করে হেসে বলল
—“আর কিরিস ভাই তো বেশ আরাম করেই খাচ্ছে। একবারও মুখ বাঁকাল না।”
লিজা এবার কিরিসের দিকে তাকিয়ে বলল
—“ভাইয়া, অন্তত একটা রিভিউ দাও। আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি।”
কিরিস ল্যাপটপ থেকে চোখ না তুলেই আরেক চুমুক কফি খেল। তারপর খুব সংক্ষিপ্তভাবে বলল
—“ভালো।”
একটা মাত্র শব্দ। কিন্তু সেই একটি শব্দেই যেন পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। আরোবি সঙ্গে সঙ্গে লিসির দিকে তাকিয়ে চোখ টিপে বলল
—“শুনেছিস? ভালো!”
লিসি মৃদু হেসে শুধু মাথা নাড়ল। কিন্তু পায়েল?
সে চুপ। তার হাতে ধরা কফির কাপটা ধীরে ধীরে নিচে নামল। মুখে কোনো অভিব্যক্তি নেই। কেউ বুঝতে পারল না, তার ভেতরে ঠিক কী চলছে। শুধু তার আঙুলগুলো কাপের গায়ে একটু শক্ত হয়ে চেপে বসেছে। কারণ কয়েক মিনিট আগেও সে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল কিরিসের পছন্দ সে অন্য সবার চেয়ে ভালো জানে।
অথচ এখন তার সামনে বসেই কিরিস এমন এক কফি নিশ্চিন্তে পান করছে, যেটা লিসি বানিয়েছে।
আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা হলো কফিটা শুধু কিরিসের পছন্দ হয়েছে তা নয়, স্বাদটাও ঠিক তার নিজের পছন্দের মতো। তবুও পায়েল কিছু বলল না।
শুধু এক চুমুক করে নিজের কফিটা খেতে থাকল।
আর কিরিস? সে যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে, পাশে রাখা বাদাম তুলে খাচ্ছে। তার চোখের কোণে অবশ্য অতি সামান্য এক টুকরো হাসি ফুটে উঠেছিল। সেটা কেউ খেয়াল করল কি না তা কিরিসের জানার প্রয়োজনও ছিল না।
পায়েলের হাতে ধরা কফির কাপটা তখনও প্রায় অর্ধেক। চারপাশে কাজিনদের হাসি-ঠাট্টা চলছিল। এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল। পায়েল স্ক্রিনের দিকে তাকিয়ে মুহূর্তেই বুঝতে পারল ফ্রান্স থেকে ফোন এসেছে।
সে কলটা রিসিভ করে একটু সরে বসল।
—“Allô… oui, je suis à la maison maintenant.”
তারপর অনর্গল ফরাসি ভাষায় কথা বলতে শুরু করল। কথার মাঝে মাঝেই তার ঠোঁটে হাসি ফুটে উঠছিল। কখনো সে নিচু গলায় কিছু বলছে, কখনো ওপাশের বন্ধুর কথা শুনে হেসে উঠছে। কাজিনরা অবশ্য অবাক হয়ে তাকিয়ে থাকল না। বরং নিজেদের মধ্যেই গল্পে ব্যস্ত হয়ে পড়ল। ইশান আর তূর্য কোনো একটা পুরোনো ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পড়েছে, আরোবি আর সুরভী হাসতে হাসতে তাদের কথা শুনছে। লিসিও মাঝেমধ্যে তাদের কথায় যোগ দিচ্ছে। এরই মধ্যে স্টাডি রুমের দিকের দরজা খুলে আনোয়ার ও আনারুল বেরিয়ে এলেন। ব্যবসার আলোচনা শেষ হয়েছে তাদের। দুজনের হাতেই এখনো কিছু ফাইল। কিছুক্ষণ পর মির্জা বেগমও ধীরে ধীরে এসে বসার ঘরে এলেন। কয়েকদিন ধরে তিনি তার এক বোনের বাড়িতে ছিলেন। পায়ের ব্যথার কারণে ঘরে বিশ্রামে ছিলেন তাকে দেখেই লিসির মুখ যেন মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। লিসি দ্রুত উঠে গিয়ে তার পাশে বসে পড়ল।
—“জানো না নানু , আমি তোমাকে কতটা মিস করেছি!”
মির্জা বেগম হেসে লিসির মাথায় হাত বুলিয়ে দিলেন।
—“পাগলী কোথাকার! আমি তো কয়েক দিনের জন্যই গিয়েছিলাম। তোরাও তো ঘুরতে গিয়েছিলি।”
লিসি অভিমানী মুখ করে বলল,
—“তবুও তো। বাড়িতে এসে যখন দেখলাম তুমি নেই, তখন আমার একদম ভালো লাগেনি।”
মির্জা বেগম মৃদু হেসে বললেন
—“আচ্ছা বাবা, এবার তো ফিরে এসেছি। এখন এত অভিমান করার কী আছে?”
লিসি সঙ্গে সঙ্গে তার কাঁধে মাথা রেখে বসে পড়ল।
—“কিছু নেই।”
মির্জা বেগম সস্নেহে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। এভাবেই গল্প, হাসি আর পারিবারিক আড্ডার মধ্য দিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। দেখতে দেখতেই রাত অনেক গভীর হয়ে গেল। একসময় সবাই রাতের খাবারের জন্য টেবিলে বসল। বাড়ির বড়দের সঙ্গে কাজিনরাও একসঙ্গে খাওয়াদাওয়া করল। সারাদিনের ব্যস্ততার পর রাতের খাবারের টেবিলটাও যেন আরেক দফা গল্পের আসরে পরিণত হলো। খাওয়া শেষ হতে হতে ঘড়ির কাঁটা অনেকটা রাত পেরিয়ে গেছে। আগামীকাল সকালে লিজা, হিয়া, ইয়াবি আর ইশান এখান থেকে রওনা দেবে। তাই রাতেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখল তারা। একসময় বাড়িটাও ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। একজন একজন করে সবাই যার যার ঘরে চলে গেল। কিরিস অবশ্য তখনও ঘুমাতে যায়নি। বাড়ির অফিসের নির্দিষ্ট কক্ষে বসে সে নিজের কাজ নিয়ে ব্যস্ত। ডেস্কের ওপর ল্যাপটপ খোলা, পাশে কিছু নথিপত্র। রাত যত গভীর হচ্ছে, বাড়ির বাকি অংশ যত নিস্তব্ধ হয়ে আসছে, তার কক্ষের আলো ততই একাকী জ্বলছে।
অন্যদিকে লিসিও নিজের ঘরে ফিরে এল।
ঘুমানোর আগে ফ্রেশ হয়ে নিল সে। তারপর আর বিছানায় গেল না। অদ্ভুত এক অস্থিরতা যেন মনটাকে ছুঁয়ে ছিল। অবশেষে দরজা খুলে বেরিয়ে এল বেলকনিতে। বেলকনিতে পা রাখতেই রাতের নির্মল বাতাস এসে তার মুখ ছুঁয়ে গেল।
চারপাশ নিস্তব্ধ। বাড়ির বাগানে লাগানো নানা রঙের ফুল রাতের শিশিরে ভিজে আছে। বাতাস একটু নড়লেই ফুলগুলোর মিষ্টি সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে। কোথাও রজনীগন্ধার গন্ধ, কোথাও বেলি, আবার কোথাও নাম না জানা রাতের ফুলের মাদকতা—সব মিলিয়ে পরিবেশটা যেন অদ্ভুত এক মায়াবী আবেশে ঢেকে গেছে। লিসি ধীরে ধীরে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। তার পরনে ছিল আরামদায়ক রাতের পোশাক। স্নান করে আসায় লম্বা কালো চুলগুলো তখনও সম্পূর্ণ শুকায়নি। হালকা বাতাসে চুলের গোছাগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে, আবার বাতাসের টানে পেছনে সরে যাচ্ছে। লিসি এক হাতে চুলগুলো সরিয়ে দিল।
তারপর মুখ তুলে তাকাল আকাশের দিকে।
আজ পূর্ণিমা। বিশাল গোল চাঁদটা যেন রাতের আকাশের বুকের মাঝখানে স্থির হয়ে আছে। চাঁদের শুভ্র আলোয় চারপাশের সবকিছু অস্বাভাবিক রকম স্পষ্ট।
দূরের গাছগুলোর ছায়া মাটিতে পড়েছে। বাগানের ফুলগুলোও যেন দিনের চেয়ে আরও সুন্দর দেখাচ্ছে।
চাঁদের আলো এসে লিসির মুখেও পড়েছে। তার চোখে সেই আলো এসে এক ধরনের স্বপ্নময়তা তৈরি করেছে।
সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কোনো কথা নেই।
কোনো শব্দ নেই। শুধু দূর থেকে ভেসে আসছে রাতের নীরবতার নিজস্ব শব্দ, আর মাঝে মাঝে পাতার সঙ্গে বাতাসের মৃদু সংঘর্ষ। লিসি ধীরে ধীরে চোখ বন্ধ করল।
মনে হলো, এই মুহূর্তটাকে যদি একটু থামিয়ে রাখা যেত!
দিনভর এত মানুষ, এত কথা, এত হাসি-ঠাট্টার পর এই নিঃসঙ্গ কয়েকটি মুহূর্ত যেন তার নিজের।
কিন্তু সে জানত না এই বাড়ির আরেক প্রান্তে, রাতের গভীরতায়, এমন একজন মানুষও জেগে আছে যার সঙ্গে তার জীবনের প্রতিটি মুহূর্ত অদৃশ্য কোনো সুতোয় বাঁধা।
আর সেই মানুষটি— কিরিস। রাত যত গভীর হচ্ছিল, বাড়ির নিস্তব্ধতা ততই ঘনীভূত হচ্ছিল।
রাত তখন আরও গভীর হয়েছে। বাড়ির অধিকাংশ আলো নিভে গেছে। চারপাশে নেমে এসেছে এক ধরনের প্রশান্ত নীরবতা। শুধু কিরিসের অফিস রুমের আলোটা কিছুক্ষণ আগেও জ্বলছিল। অবশেষে কাজ গুটিয়ে কিরিস নিজের ঘরের দিকে এগিয়ে এল। দরজা খুলে ভেতরে ঢুকেই প্রথমে তার চোখ গেল বিছানার দিকে।
লিসি নেই। কিরিসের দৃষ্টি একবারেই ঘুরে গেল বারান্দার দিকে। কাঁচের দরজার ওপারে চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা লিসিকে দেখা যাচ্ছে। কিরিসের ঠোঁটের কোণে অতি সামান্য একটা হাসি ফুটে উঠল। তার মনের মানুষটা যে ঠিক কোথায় থাকবে, সেটা যেন সে আগেই জানত।
লিসিও বুঝতে পেরেছিল কিরিস ঘরে এসেছে। সে আর বারান্দায় দাঁড়িয়ে থাকল না। ধীরে ধীরে ঘরের ভেতরে ফিরে এল। ঘরে ঢুকেই তার চোখ পড়ল কিরিসের হাতে থাকা একটা শপিং ব্যাগের দিকে। লিসি ভ্রু কুঁচকে তাকাল।
—“এটা কী?”
কিরিস ব্যাগটা তার দিকে এগিয়ে দিল।
—“আজ এটা পরে ঘুমাবে।”
লিসি অবাক হয়ে ব্যাগটা হাতে নিল। তারপর সন্দেহভরা চোখে কিরিসের দিকে তাকিয়ে বলল
—“এভাবে হঠাৎ গিফট দিচ্ছেন কেন?”
কিরিস কোনো উত্তর দিল না। লিসি ব্যাগটার দিকে তাকিয়ে আবার বলল
—“আপনার ধান্দাটা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না, মিস্টার।”
কিরিস এবার তার দিকে তাকাল। চোখে সেই পরিচিত বাঁকা দৃষ্টি। তারপর কোনো কথা না বলে নিজের শার্টের একেকটা বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় শুধু শান্ত স্বরে বলল
—“আমি শাওয়ার নিয়ে আসি। তারপর তোমাকে বলছি।”
লিসি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
—“বাহ! কী রহস্যময় মানুষ!”
নিজের মনেই বিড়বিড় করে ব্যাগটা পাশে রেখে দিল।
কিরিস শার্টটা খুলে যেখানটায় রেখে গিয়েছিল, লিসি সেটাও তুলে নিল। যত্ন করে ভাঁজ করে ঘরের একপাশে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। তারপর বিছানায় এসে বসল। হাতে করার মতো কিছুই নেই। নিজের ফোনটা তো নষ্ট হয়ে গেছে। তাই একটু বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে শেষ পর্যন্ত কিরিসের ফোনটা হাতে তুলে নিল। ফোনটা হাতে নিয়ে লিসি প্রথমে একটু ইতস্তত করল।
তারপর স্ক্রিন অন করল। অবাক করার মতো ব্যাপার—কোনো পাসওয়ার্ড চাইল না কারণ ফেস লকে লিসি ফেস দেওয়া। কিরিসের ফোনে সাধারণত ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট—দুটোই সেট করা। নিজের ফোন সে বেশিরভাগ সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলে।
কিন্তু লিসির হাতে ফোনটা আসতেই কোনো ঝামেলাই হলো না। লিসি চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল
—“আচ্ছা! এ তো দেখি আমার জন্যই সব দরজা খোলা।”
তারপর আরাম করে বিছানায় হেলান দিয়ে ফোনটা দেখতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ থেমে গেল।
তার চোখে কৌতূহলের ঝিলিক। ফোনটা হাতে নিয়ে সে একটু গম্ভীর মুখে ভাবল,
—“মিস্টার জিয়ান কিরিস রায়চৌধুরী... আপনার ফোনে কী এমন আছে দেখি!”
তবে কিরিসের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করার ইচ্ছা তার নেই। তাই সে শুধু সাধারণ কিছু জিনিস দেখেই আবার স্ক্রিনে আঙুল চালাতে লাগল।