তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :90

তারপর তাদের সঙ্গে যোগ দিয়েছে সুরভী, জারা, নুসরাত, হিয়া, আরবি। একজনের ঘাড়ের ওপর আরেকজন, কেউ নিচু হয়ে, কেউ কাঁধ উঁচু করে যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন অভিযান চলছে। তূর্য ফিসফিস করে বলল — " আরে ধাক্কা দিস না!"
আরিয়ান মুখ কুঁচকে বলল
— "আমি ধাক্কা দিচ্ছি? তুইই তো আমার ঘাড়ের ওপর উঠে আছিস!"
পেছন থেকে কাবির বলল
— " একটু সরে দাঁড়া, কিছুই দেখতে পাচ্ছি না! "
জারা বিরক্ত হয়ে বলল
—" ইশান! তোমার কনুইটা সরাও তো!"
ইশান অসহায় গলায় বলল
— " আমার কনুই না, রিহানের মাথা!"
রিহান ফিসফিস করে বলল
— " চুপ! চুপ! এখনই কিছু একটা হবে! "
আরোবি চোখ বড় বড় করে বলল
— " উফ! ভাইয়া এখন কিস করবে... কেউ নড়বি না!
ঠিক তখনই...
এতজনের ভর একসঙ্গে পড়ায় ফুলের গাছটা কেঁপে উঠল। বেচারা গাছটা যদি কথা বলতে পারতো তাহলে নিশ্চয় বলতো ' আরে সব শয়তানরা আমার ঘারের উপর উঠেছিস কেন, ' কিন্তু তাদের তো কথা বলার ক্ষমতা আল্লাহ দান করে নাই .... সে যাই হোক গাছটা এমন নড়তে দেখে তূর্য বলল — " আরে... গাছটা নড়ছে কেন?"
আরিয়ান বলল — " কারণ আমরা এগারোজন একটা গাছের পেছনে দাঁড়িয়ে আছি!"
কথা শেষ হওয়ার আগেই.. ধপাস!.....আহ্!......উফফ!
একসঙ্গে সবাই ভারসাম্য হারিয়ে নরম ঘাসের ওপর গড়িয়ে পড়ল। কেউ কার ওপর, কেউ আবার অন্যজনের নিচে। চারদিকে শুধু হাসি আর চিৎকার। সুরভী উঠে বসেই বলল — " ইয়া আল্লাহ! আমার শাড়িটা!"
জারা বিরক্ত হয়ে নিজের আঁচল ঠিক করতে করতে বলল— " তোরা না একদম অসহ্য! আমাদের শাড়িগুলো সব কুঁচকে দিলি!"
হিয়া মুখ ফুলিয়ে বলল— " এত কষ্ট করে সাজলাম, সব নষ্ট!"
আরোবি ইয়াবিকে হালকা একটা চাপড় মেরে বলল,
—" সব তোর জন্য হয়েছে!"
ইয়াবি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল
— "আমাদের জন্য? তোরা দেখতে আসছিলি কেন?"
আরিয়ান বলল — হ্যাঁ! আমরা তো শুধু ভাইয়াকে সাপোর্ট দিতে এসেছিলাম। "
নুসরাত ভ্রু কুঁচকে বলল
— " সাপোর্ট? আড়ি পেতে শোনা কবে থেকে সাপোর্ট হলো?"
কাবির হেসে বলল — " আরে, এটাকে বলে গবেষণা! "
রিহান যোগ করল — " ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা নিচ্ছিলাম! "
মেয়েরা একসঙ্গে বলে উঠল— " চুপ!"
তারপর আবার শুরু হলো তর্ক। কেউ কারও কথা শুনছে না। ঠিক সেই সময়... চারপাশের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। এক অদ্ভুত নীরবতা তর্ক করতে করতেই তূর্য বলল— " আরে, হঠাৎ সবাই চুপ হয়ে গেল কেন?"
আরিয়ান ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাল। তার মুখের হাসি মুহূর্তেই উধাও। সামনেই দাঁড়িয়ে আছে কিরিস। দুই হাত বুকের সামনে ভাঁজ করা।
চোয়াল শক্ত। আর সেই পরিচিত ঠান্ডা, রাগী দৃষ্টি একে একে সবার ওপর ঘুরে বেড়াচ্ছে। কেউ একটা শব্দও করার সাহস পেল না। রিহান আস্তে করে বলল,
— " শেষ..."
তূর্য শুকনো ঢোক গিলে বলল
—" আমি... আমি কিন্তু কিছু করিনি।"
আরিয়ান ফিসফিস করে বলল
—" পরে বলিস। আগে বাঁচ।"
পরের মুহূর্তেই..... দৌড়!
কে যে আগে উঠল, কে যে কাকে ধাক্কা দিল, তার হিসাব নেই। এক সেকেন্ডের মধ্যে সবাই যে যার মতো চারদিকে দৌড়ে পালাল। কেউ স্টেজের দিকে, কেউ গার্ডেনের ভেতর, কেউ আবার অতিথিদের ভিড়ের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা ফাঁকা।
সবকিছু এত দ্রুত ঘটল যে, কিরিসও কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই... তার পাশেই দাঁড়িয়ে থাকা লিসি এতক্ষণ ঠোঁট কামড়ে হাসি চেপে রেখেছিল। আর পারল না।
ফিক...! একটা মিষ্টি হাসি বেরিয়ে এল। কিরিস ঘুরে তাকাতেই লিসি চোখ নামিয়ে হাসি লুকানোর চেষ্টা করল।
কিন্তু নূপুরের ঝংকারের সঙ্গে মিশে তার সেই চাপা হাসিটাই যেন সন্ধ্যার পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলল।
সব হাসি-ঠাট্টা, খুনসুটি আর দৌড়ঝাঁপের পর ধীরে ধীরে পুরো গার্ডেন আবার স্বাভাবিক হয়ে এলো। এদিকে অনুষ্ঠান পরিচালনাকারী মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজে উঠে দাঁড়াতেই চারপাশের আলো একটু ম্লান হয়ে স্টেজের লাইটগুলো একে একে জ্বলে উঠল। স্পটলাইটের সাদা-সোনালি আলো পুরো মঞ্চকে আরও মনোমুগ্ধকর করে তুলল। সাউন্ড সিস্টেমে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। চারপাশে সারি সারি চেয়ারে বসে আছেন অতিথিরা। সামনের সারিতে পরিবারের বড়রা, তাদের পেছনে আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, দেশের নামকরা ব্যবসায়ী, আর বিদেশ থেকে আসা কিরিসের বিজনেস পার্টনাররা। সবার চোখ এখন স্টেজের দিকেই। উপস্থাপকে আজকে আছে ইয়াবি, বরাবরই মতো সে এই রকম উপস্থাপন উপস্থাপক করে থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রোফেসার হওয়ায় তার কথা বলার ধরণ বেশ গুছানো যার জন্য তার মুখে এমন উপস্থাপনা মানায় বেশি। তো ইয়াবি মুচকি হেসে বললো
— " সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি আজকের এই আনন্দঘন সন্ধ্যা আপনাদের স্মৃতিতে দীর্ঘদিন জায়গা করে নেবে। এখন শুরু হতে যাচ্ছে আজকের সাংস্কৃতিক পরিবেশনার পর্ব। তাই সবাইকে নিজ নিজ আসনে থাকার জন্য অনুরোধ করছি। "
মুহূর্তের মধ্যেই চারদিকে করতালির শব্দ বেজে উঠল।
তূর্য দুই হাত তালি দিয়ে বলল — " চল, এবার আমাদের পালা। "
আরিয়ান গভীর শ্বাস নিয়ে বলল — " এতক্ষণ প্র্যাকটিস করলাম, এখন ভুল করলে কিন্তু সম্মান শেষ! "
রিহান হেসে বলল — " ভুল করবি তুই, আর ভাইয়া পরে আমাদের দিকে তাকাবে! "
ইশান সঙ্গে সঙ্গে বলল — " তাই আগে থেকেই আল্লাহকে ডাকতে শুরু কর। "
কাবির হেসে মাথা নাড়ল।
— " তোরা কোনোদিন সিরিয়াস হতে পারবি না? "
আরবি মেয়েদের দিকে তাকিয়ে বলল,
—" সবাই রেডি তো?"
সুরভী মৃদু হেসে মাথা নাড়ল।
—" একদম।"
জারা নিজের শাড়ির আঁচলটা আরেকবার ঠিক করে নিল। নুসরাত গভীর শ্বাস ফেলল। হিয়া মুচকি হেসে লিসির হাতটা আলতো করে চেপে ধরল।
—" নার্ভাস?"
লিসি ছোট্ট করে মাথা নাড়ল।
— " একটু..."
আরোবি সঙ্গে সঙ্গে বলল
—" নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা সবাই একসঙ্গে আছি।"
ঠিক তখনই কিরিস ধীরে ধীরে তাদের পাশে এসে দাঁড়াল।
একবার পুরো টিমের দিকে তাকিয়ে শান্ত, দৃঢ় কণ্ঠে বলল — " আজ কেউ নিখুঁত হওয়ার চেষ্টা করবে না। শুধু মন থেকে উপভোগ করবে। বাকি সবকিছু আপনাআপনি ঠিক হয়ে যাবে।"
একটা সাধারণ বাক্য কিন্তু সেই কথাতেই যেন সবার মুখে আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল। তূর্য হেসে বলল,
— এই জন্যই তো ভাই আমাদের ক্যাপ্টেন।
আরিয়ান মাথা নেড়ে বলল,
— চল... NOX DYNASTY কাউকে নিরাশ করে না।
রিহান তখন একটা চাটি মেরে দিলে আরিয়ানের মাথায় একটু চোখ রাঙিয়ে বললো —" আমাদের গ্রুপের নাম তোকে এতো জোরে বলতে বলছে কে, শুনি। "
এই কথা কেউ শুনলোনা, চারদিকে আবারও করতালির শব্দ ভেসে উঠল। স্টেজের পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল সবাই। সামনে শত শত দর্শক আলো নিভে এলো।
শুধু মঞ্চের মাঝখানে একটি স্পটলাইট জ্বলে উঠল।
আর সেই সঙ্গে শুরু হতে চলল তাদের বহুদিনের প্রস্তুতির সবচেয়ে প্রতীক্ষিত পরিবেশনা।
স্টেজের আলো হঠাৎ করেই একটু ম্লান হয়ে গেল।
চারদিকে নিস্তব্ধতা। ইয়াবি মাইক্রোফোন হাতে হেসে বললেন —" এবার মঞ্চে আসছে আমাদের বাড়ির ছেলে-মেয়েরা আর সঙ্গে আমি তো আছিই। বহুদিনের প্র্যাকটিসের পর আজকের এই বিশেষ পরিবেশনা শুধুমাত্র নবদম্পতি কাবির ও তিশার জন্য। সবাই করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করবেন।"
সঙ্গে সঙ্গে চারদিক হাততালিতে মুখর হয়ে উঠল। মিউজিক শুরু হতেই একে একে স্টেজে উঠে এলো লিসি, আরবি, সুরভী, জারা, নুসরাত, হিয়া... অন্য পাশ থেকে উঠে এলো তূর্য, আরিয়ান, রিহান, ইশান, ইয়াবিসহ বাকিরা। গানের তালে তালে , প্রাণবন্ত একটা গ্রুপ পারফরম্যান্স শুরু করল। সাউন্ড সিস্টেমের বেসে পুরো হল কেঁপে উঠছে। চারপাশের আলো একবার নীল, একবার লাল হয়ে স্টেজজুড়ে ছড়িয়ে পড়ছে। ডিজের বিট বাড়তেই ঘোষণা ছাড়াই ছয়জন ছেলে একসঙ্গে স্টেজে উঠে দাঁড়াল—কিরিস, তূর্য, আরিয়ান, ইয়াবি, ইশান আর রিহান।
"Dil Duba Dil Duba, Nili Aankhon Mein Yeh Dil Duba..."
বিট পড়তেই সবাই একসঙ্গে প্রথম স্টেপ নিল। একদম নিখুঁত সিঙ্ক। ডান পা, বাঁ পা, তারপর একসঙ্গে টার্ন একটুও এদিক-ওদিক নয়। দর্শকরা হাততালি দিয়ে উঠল।
"Mehbooba Mehbooba Bas Yeh Janle Mehbooba..."
কিরিস মাঝখানে দাঁড়িয়ে আছে। কালো কোটের বোতাম খোলা, ভেতরে সাদা শার্ট, হাতার কাফ ভাঁজ করা। মুখে সেই আত্মবিশ্বাসী হাসি। প্রতিটা বিটে তার বডি কন্ট্রোল এমন, যেন গানটা তার জন্যই তৈরি হয়েছে। তূর্য আর আরিয়ান দুই পাশ থেকে একই তালে স্টেপ করছে। ইয়াবির স্মুথ মুভমেন্ট, ইশানের ফাস্ট ফুটওয়ার্ক আর রিহানের এনার্জি—সব মিলিয়ে স্টেজে যেন আগুন লেগে গেছে।
"Aashiq Hoon Deewana Hoon..."
এই লাইনে সবাই একসঙ্গে সামনে এগিয়ে এসে বুকের কাছে হাত এনে পপিং করল, তারপর দ্রুত ব্যাক স্টেপ। দর্শকদের মধ্যে থেকে শিস আর চিৎকার ভেসে এলো।
— "উফফ... ছেলেগুলো তো একদম সিনেমার হিরো!"
— "কিরিসকে দেখেছ? চোখ সরানোই যাচ্ছে না!"
— "এরা এত ভালো নাচে কবে থেকে?"
গার্ডেনের পরিবেশ তখন পুরোপুরি জমে গেছে। গানের লাইন পরিবর্তন হতেই মেয়েরা চলে আসলো, ছেলেরা তাদের জায়গায় থেকে একটু চেপে দাঁড়িয়ে আছে।
"Main Tere Jhasein Mein Naa Aaonge..."
এই লাইন শুরু হতেই স্টেজের দুই পাশ থেকে একসঙ্গে উঠে এল লিসি, আরোবি, সুরভী, জারা, নুসরাত আর হিয়া। পুরো গার্ডেন আবারও করতালিতে ফেটে পড়ল।
লিসির হালকা ঘূর্ণির সঙ্গে সঙ্গে তার লম্বা চুল বাতাসে উড়ে উঠল। মুখে দুষ্টু হাসি, চোখে আত্মবিশ্বাস। সে সামনে তাকিয়ে গানের এক্সপ্রেশনের সঙ্গে ঠোঁট মিলিয়ে দিল।
"O Re Divane Ja... Kyon..."
মেয়েরা ছেলেদের সামনে এসে একই তালে উত্তর দেওয়ার মতো স্টেপ করল। একবার সামনে, একবার পিছনে, তারপর কোমরের হালকা মুভমেন্টের সঙ্গে নিখুঁত হ্যান্ড জেসচার। আরোবিদের এক্সপ্রেশন এতটাই প্রাণবন্ত যে দর্শকরা হেসে উঠল। সুরভীর এলিগ্যান্স, জারার শার্প স্টেপ, নুসরাতের এনার্জি আর হিয়ার স্মাইল প্রত্যেকে নিজের উপস্থিতি আলাদা করে বুঝিয়ে দিচ্ছে।
"Aisi Waisi Bana Ke Baatein, Mujhe Naa Too Uljha Re..."
এবার ছেলে-মেয়েরা মুখোমুখি দাঁড়াল। গানের কথার সঙ্গে মিলিয়ে একে অপরকে খুনসুটিভরা এক্সপ্রেশন দিচ্ছে। কেউ চোখ টিপছে, কেউ মজার ভঙ্গিতে মাথা নাড়ছে, আবার কেউ অভিনয়ের ছলে 'না' বলছে।
এরপর হঠাৎ বিট ড্রপ। সবাই একসঙ্গে কম্বাইন্ড ফরমেশনে চলে এলো।
এক... দুই... তিন...
পুরো টিম একসঙ্গে এমন নিখুঁত সিঙ্কে নাচতে শুরু করল যে মনে হচ্ছিল বহুদিনের পেশাদার ডান্স ক্রু পারফর্ম করছে। প্রতিটা স্টেপ, প্রতিটা টার্ন, প্রতিটা বিট—একদম সময়মতো। স্টেজের আলো দ্রুত রঙ বদলাচ্ছে, স্মোক মেশিনের ধোঁয়ার ভেতর দিয়ে সবাই একের পর এক ফরমেশন পরিবর্তন করছে। মাঝখানে কিরিস আর লিসি, চারপাশে বাকিরা দৃশ্যটা যেন সরাসরি কোনো বলিউড অ্যাওয়ার্ড শোর পারফরম্যান্স। গার্ডেন জুড়ে তখন শুধু হাততালি, শিস আর উল্লাস।
— "ওয়াও... কী পারফরম্যান্স!"
— "আজকের অনুষ্ঠানের সেরা পারফরম্যান্স এটাই!"
— "একদম আগুন লাগিয়ে দিয়েছে!"
হাসি, আনন্দ আর দুষ্টুমিতে ভরা সেই নাচ দেখে অতিথিরাও হাততালি দিয়ে তাল মেলাতে লাগলেন।
লিসির শাড়ির ঘের প্রতিটি ঘূর্ণিতে বাতাসে দুলে উঠছে।
আরবি আর সুরভীর মুখে সারাক্ষণ হাসি। তূর্য আর আরিয়ান মাঝেমধ্যে নিজেদের মতো বাড়তি এক্সপ্রেশন দিয়ে পুরো পরিবেশ আরও জমিয়ে তুলছে। পারফরম্যান্স শেষ হতেই... তুমুল করতালি। চারদিক যেন হাততালির শব্দে কেঁপে উঠল।
—" বাহ!"
—" অসাধারণ!"
— "কী সুন্দর হয়েছে!"
— "দারুণ!"
কাবির আর তিশা নিজেদের জায়গায় বসে আছে। কাবির তো তিশা বলছে —" দেখো আমার বড় ভাইও কিন্তু আজকে আমার জন্য নাচছে। "
তিশাও কাবিরকে একটু হালকা নাড়িয়ে বললো —" হয়েছে তোমার একা ভাই মন হয়,, তোমার বড় ভাই হলেও আমার কিন্তু মামাতো ভাই,, আমিও কিন্তু কম নয়"
দুজনে বসে পুরো নাচটা দেখে মুগ্ধ, আশপাশের সবাই প্রসংশা করে যাচ্ছে।
অনেক অতিথিই মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত।
বিদেশি অতিথিরাও মুগ্ধ হয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। কাবির আর তিশা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে হাততালি দিল। তিশার চোখে আনন্দের ঝিলিক।
— " এত সুন্দর সারপ্রাইজ আমি সত্যিই আশা করিনি..."
কাবির মুচকি হেসে বলল
— "এরা যখন আছে, তখন সারপ্রাইজ তো হবেই।"
স্টেজ থেকে সবাই নিচে নেমে আসতেই ইয়াবি স্টেজে উঠে —" এবার আসছে শুধু আমাদের বাড়ির ছেলেদের একটি বিশেষ ফান পারফরম্যান্স। "
কথা শেষ হতেই তূর্য মাইক হাতে নিয়ে বলল
— "আগে থেকেই বলে রাখছি... এই পারফরম্যান্সের পরে কেউ আমাদের সম্মান নিয়ে প্রশ্ন করবেন না! "
নিচে বসে সবাই হেসে উঠল আরিয়ান মাথা নেড়ে বলল,
— "সম্মান তো আগেই শেষ।"
হঠাৎ সাউন্ড সিস্টেমে বাজতে শুরু করল
★ Kudiyon ka nasha pyare
Nasha sab se nasheela hai
Jise dekho yahaan woh
Husn ki baarish me geela hai.........
Main karoon toh saala
Character dheela hai...★
গান শুরু হতেই পুরো গার্ডেন হাসিতে ফেটে পড়ল।
বিশেষ করে আরিয়ানকে দেখে। কারণ গানটার মজার ভাব আর আরিয়ানের দুষ্টু স্বভাব যেন একেবারে মিলে গেছে। আরিয়ান ইচ্ছা করেই বাড়িয়ে বাড়িয়ে এক্সপ্রেশন দিচ্ছে। তূর্য কখনও ওকে টেনে আনছে, কখনও ধাক্কা দিয়ে সামনে পাঠাচ্ছে। রিহান আর ইশানও মজার মজার স্টেপ করছে। নাচটা একেবারেই সিরিয়াস নয়। বরং পুরোটা হাসি-ঠাট্টা আর কমেডিতে ভরা। তাদের মুখের এক্সপ্রেশন, টাইমিং আর দুষ্টুমিই দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছিল। মেয়েরা তো হাসতে হাসতে প্রায় কাঁদার অবস্থা। আরবি পেট চেপে বলল
— " আল্লাহ... আর পারছি না! "
হিয়া হাসতে হাসতে বলল
—" আরিয়ান ভাইয়া গানটার জন্যই জন্মেছে মনে হয়!"
লিসিও মুখে হাত চাপা দিয়ে হেসে ফেলল।
জারা বলল —" নাচের থেকে ওদের এক্সপ্রেশন বেশি মারাত্মক!"
সুরভী মাথা নেড়ে হেসে বলল
— "এদের দিয়ে সিরিয়াস নাচ করানোই ভুল ছিল।"
সামনের সারিতে বসে সুপ্রিয়া, প্রিয়া, মির্জা বেগম, আনোয়ার সাহেব, আনারুল সাহেব, সাবেনা, মাবেনাসহ বাড়ির বড়রাও হাসি চাপতে পারলেন না। তিশার বাবা-মাও মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন।
এদিকে লিজা অনুষ্ঠানস্থলে এসে সরাসরি মেয়েদের পাশে বসে পড়েছে। সে অবাক হয়ে বলল,
—" এই বাড়ির অনুষ্ঠানে তো সিনেমার মতো আয়োজন!"
সবাই হেসে উঠল। এক কোণে বসে কিরিস শান্ত চোখে পুরো পারফরম্যান্স দেখছে। তার ঠোঁটের কোণেও আজ স্পষ্ট হাসির রেখা। বিশেষ করে আরিয়ানের বাড়াবাড়ি এক্সপ্রেশন দেখে সে মাথা নেড়ে হালকা হেসে ফেলল।
তূর্য সেটা দেখেই নাচের মাঝখান থেকে চিৎকার করে বলল — " দেখেছো! ভাই হাসছে! আমাদের পারফরম্যান্স সফল! "
আবারও দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল।
গান শেষ হতেই ছেলেরা নাটকীয় ভঙ্গিতে শেষ পোজ দিল।
ধাম!
মুহূর্তের মধ্যেই পুরো গার্ডেন করতালিতে মুখর হয়ে উঠল কেউ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, কেউ শিস দিচ্ছে, কেউ আবার ভিডিও করতে করতে হাসছে। স্টেজ থেকে নেমে আসতেই তূর্য হাঁপাতে হাঁপাতে বলল
—" ব্যাস! আর না... আমার অক্সিজেন শেষ! "
আরিয়ান কপালের ঘাম মুছে বলল
— "আমি আগে জুস খাব। তারপর যে যা বলার বলবে।"
রিহান হেসে বলল
—" চল, একটু বসে রেস্ট নিই। এরপর আবার অনুষ্ঠান আছে।"
সবাই স্টেজ থেকে নেমে নিজেদের জায়গায় গিয়ে বসল।
কেউ ঠান্ডা জুস হাতে নিল, কেউ পানি খেল, কেউ আবার সোফায় হেলান দিয়ে শ্বাস নিচ্ছে। হাসি, গল্প আর করতালির রেশ তখনও পুরো গার্ডেনজুড়ে ছড়িয়ে আছে।
.......
কিছুক্ষণ পরে সবাই যখন নিজেদের ক্লান্ত জগত থেকে বের হয়ে এসে, স্বাভাবিক হয়ে উঠে তখন স্টেজের আলো আবারও ধীরে ধীরে নিভে এলো। চারদিকে এক অদ্ভুত নীরবতা। ইয়াবি আবারও মুচকি হেসে মাইক্রোফোন হাতে এগিয়ে আসলো একটু আগের ক্লান্ত ভাবটা এখন আর তার মাঝে দেখা যাচ্ছে না, মুচকি হেসে বলতে শুরু করলো — "এবারের পরিবেশনাটি আজকের সন্ধ্যার সবচেয়ে প্রতীক্ষিত পারফরম্যান্স। যাদের নিয়ে আপনারা অনেকদিন ধরেই শুনছেন, আজ প্রথমবারের মতো তাদের একসঙ্গে মঞ্চে দেখবেন। করতালির মাধ্যমে স্বাগত জানাই—কিরিস এবং লিসিকে।"
পুরো গার্ডেন করতালিতে মুখর হয়ে উঠল। স্পটলাইট ধীরে ধীরে মঞ্চের মাঝখানে এসে থামল। এক পাশ থেকে কিরিস এগিয়ে এলো। কালো স্যুটে, শান্ত অথচ রাজকীয় উপস্থিতি। তার হাঁটার ভঙ্গিতেই যেন আত্মবিশ্বাস ঝরে পড়ছে। অন্য পাশ থেকে ধীরে ধীরে উঠে এলো লিসি।
সাদা-লাল শাড়ির প্রশস্ত ঘের, চুলে সাদা গাজরা, কানে লম্বা ঝুমকা, নূপুরের মিষ্টি ঝংকার—মঞ্চের আলোয় তাকে যেন আরও মোহনীয় লাগছিল। কিরিস হাত বাড়িয়ে দিল। লিসি মৃদু লজ্জায় তার হাত রাখল কিরিসের হাতে। মিউজিক শুরু হলো
★ Talab talab talab Bas teri hai mujhe
Nashon mein tu nasha Banke ghulna yunhi........★
দু'জন একসঙ্গে তাল মিলিয়ে নাচ শুরু করল। কোনো বাড়াবাড়ি নয়। প্রতিটি স্টেপে ছিল ছন্দ, পরস্পরের প্রতি ভরসা আর বোঝাপড়া। যখন লিসি ঘুরছিল, শাড়ির ঘের বাতাসে গোল হয়ে ছড়িয়ে পড়ছিল। কিরিস নিখুঁত সময়ে তাকে ধরে আবার নিজের দিকে টেনে আনছিল। একটা মুহূর্তে লিসি ঘুরে এসে কিরিসের সামনে থামল। দু'জনের চোখে চোখ পড়তেই কয়েক সেকেন্ড যেন চারপাশের সব শব্দ হারিয়ে গেল সেই চোখাচোখিতে কোনো সংলাপ ছিল না। তবুও যেন হাজারটা কথা বলা হয়ে গেল। নিচে বসে থাকা অতিথিরা মুগ্ধ হয়ে দেখছিলেন। পেছনের সারিতে বসা কয়েকজন এলাকার কাকিমা নিজেদের মধ্যে আস্তে আস্তে বলাবলি শুরু করলেন।
—" আরে বাবা... দেখছো?"
—" কে বলবে এই ছেলেটা এত রাগী!"
— "সত্যিই তো! সবসময় মুখ গোমড়া করে থাকে, আর আজ দেখো..."
আরেকজন মুচকি হেসে বললেন
— " এই মেয়েটা মনে হয় ওর মনটাই জিতে নিয়েছে।"
ঠিক তখনই পাশে বসা আরেকজন হালকা হেসে বললেন— " আহা, এসব বলে ওদের খোঁচা দেবেন না। মেয়েটার সত্যি প্রসংশা করতে হয় .... ওর মতো এতো রাগী, বদমেজাজি খিটখিটে মেজাজের একটা ছেলেকে কি সুন্দর নিজের করে রেখেছে "
কথাটা শুনে সবাই হাসিমুখে মাথা নাড়লেন।
এদিকে স্টেজে... গান যত এগোচ্ছে
★ Meri mohabbat ka karna Tu haq ye adaa
Meri hoke hamesha hi rehna
Kabhi na kehna alvida.... ★
পারফরম্যান্সও তত প্রাণবন্ত হয়ে উঠছে। একটি ঘূর্ণির সময় কিরিস দৃঢ় হাতে লিসিকে সামলে নিল। কিরিস লিসির পিঠে হাত দিয়ে একহাতই তাকে উপরে তোলে.. লিসিও কিরিসের গলা জড়িয়ে ধরে আছে.. কিরিস লিসির চোখে চোখ রেখে আছে তার দৃষ্টিতে যেন শুধু এই একটি নারী আছে যে এখন তার বাহুতে আছে। লিসির চুলে গুঁজে দেওয়া সাদা গাজরার ফুলগুলো বাতাসে দুলে উঠল। দর্শকদের মুখ থেকে একসঙ্গে বেরিয়ে এলো
— " ওয়াও!"
—" অসাধারণ!"
— "কী সুন্দর!"
সামনের সারিতে বসে থাকা বিদেশি ব্যবসায়িক পার্টনাররাও বিস্মিত। তাদের একজন ধীরে ইংরেজিতে আরেকজনকে বললেন
—" I've seen him in boardrooms and high-level meetings... but I've never imagined he'd dance like this."
আরেকজন মৃদু হেসে উত্তর দিলেন
—" He looks completely different today."
মার্ক একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার ঠোঁটেও গর্বের হাসি। সে মনে মনে ভাবল
"বসকে এমন নির্ভার, এমন সুখী... সত্যিই খুব কম দেখা যায়। আবাস তোর মেয়ে সত্যি খুব ভাগ্যবতী যে সে এমন একটি জীবন সঙ্গী "
তারপর মার্ক কিছুক্ষণ তাদের তাকালো তারপর আবারও মুচকি হেসে বলে উঠলো —" বলতে গেলে আমাদের বসও ভাগ্যবান যে সে লিসির মতো একটা মেয়েকে খুঁজে পেয়েছে। "
মিউজিকের শেষ অংশে কিরিস আলতো ভঙ্গিতে লিসিকে ঘুরিয়ে আবার নিজের সামনে নিয়ে এল।
দু'জনের চোখ আবারও এক হলো। লিসির চোখে লাজুক হাসি কিরিসের চোখে গভীর স্নেহ আর প্রশান্তি। মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে, অনেক অতিথিই নিজের অজান্তে মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে লাগলেন।
গান শেষ। শেষ পোজে কিরিস আর লিসি পাশাপাশি দাঁড়িয়ে রইল। দুই সেকেন্ড...তিন সেকেন্ড...
তারপরই পুরো গার্ডেন করতালিতে মুখর হয়ে উঠল।
অনেকে দাঁড়িয়ে হাততালি দিলেন কেউ শিস বাজালেন।
কেউ আবার বললেন — " এটাই ছিল আজকের সেরা পারফরম্যান্স!"
তূর্য দু'হাত তুলে চিৎকার করে বলল
— এই তো! আমাদের কিং আর কুইন!"
আরিয়ান হেসে যোগ করল
— "এখন বুঝতে পারছো, এতদিন প্র্যাকটিস কেন করানো হয়েছে?"
লিসি লাজুক হাসি নিয়ে মাথা নিচু করল। আর কিরিস একবার শুধু তার দিকে তাকাল। সেই এক দৃষ্টিতেই যেন ছিল প্রশংসা, ভালোবাসা আর নীরব প্রতিশ্রুতিযা কোনো কথার প্রয়োজন পড়ল না। নাচ শেষ হতেই পুরো গার্ডেনে হাততালি আর শিসে মুখর হয়ে উঠল। সবাই দাঁড়িয়ে করতালি দিচ্ছে। কিরিস, লিসি, তূর্য, আরিয়ান, ইয়াবি, ইশান, রিহান, আরোবি, সুরভী, জারা, নুসরাত আর হিয়া হাসিমুখে দর্শকদের দিকে হালকা ঝুঁকে অভিবাদন জানাল। স্টেজ থেকে নামতেই মার্ক দ্রুত কিরিসের কাছে এসে নিচু স্বরে কিছু বলল।
— "Sir, London office থেকে জরুরি আপডেট এসেছে। Board meeting-এর কিছু ফাইল এখনই আপনার approval লাগবে।"
কিরিস একবার চারপাশে তাকিয়ে হালকা মাথা নাড়ল।
— "চলো। দশ-পনেরো মিনিটের মধ্যে শেষ করে আসছি।"
মার্ক সম্মতি জানাতেই দু'জনে সবার অগোচরে অফিসের দিকে চলে গেল। ওদের যেতে দেখে তূর্য ঠোঁট বাঁকিয়ে বলল — "এই লোকটার কপালে শান্তি বলে কিছু নেই।"
আরিয়ান হেসে মাথা নাড়ল
— "বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, তবুও অফিস ওকে ছাড়ে না!"
ইয়াবি দীর্ঘশ্বাস ফেলে বলল
— "আন্তর্জাতিক কোম্পানির মালিক হওয়ার এটাই সমস্যা। ছুটি বলতে কিছু নেই।"
রিহান মুচকি হেসে যোগ করল
— "কিরিস যদি একদিন ফোন বন্ধ করে রাখে, মনে হয় অর্ধেক পৃথিবীর মানুষ টেনশনে পড়ে যাবে।"
ইশান হেসে বলল
— "ওকে নিয়ে আর কী বলবি! কাজই ওর প্রথম প্রেম।"
সবাই হেসে উঠল। এদিকে লিসি মেয়েদের সঙ্গে গিয়ে বসেছে। পাশে আরোবি, সুরভী, জারা, নুসরাত আর হিয়া গল্পে মেতে আছে। তাদের পাশেই কয়েকজন অতিথি বসে অনুষ্ঠান উপভোগ করছেন। স্টেজে এবার ছোট ছোট বাচ্চারা নাচছে। কেউ ছন্দ ভুলে হাসতে হাসতে দাঁড়িয়ে যাচ্ছে, আবার কেউ বাড়তি উৎসাহে অন্যদের থেকেও বেশি নাচছে। তাদের কাণ্ড দেখে পুরো হলরুমে হাসির রোল পড়ে গেল। একটি বাচ্চা নাচতে নাচতে হঠাৎ বসে পড়তেই সবাই হাততালি দিয়ে তাকে আরও উৎসাহ দিল। সে আবার উঠে দাঁড়িয়ে হাসিমুখে নাচ শেষ করল।
এরপর একে একে আরও কয়েকজন অতিথি গান গাইলেন, কেউ আবৃত্তি করলেন, আবার কেউ দলবেঁধে ছোট্ট নাচের পরিবেশনা করলেন। আনন্দ আর হাসি-ঠাট্টায় সন্ধ্যার অনুষ্ঠান ধীরে ধীরে শেষ পর্যায়ে পৌঁছে গেল। কিছুক্ষণ পর একজন সঞ্চালক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন
— "এবার সবাইকে রাতের খাবারের জন্য অনুরোধ করা হচ্ছে।"
ঘোষণা হতেই সবাই ধীরে ধীরে ডাইনিং এরিয়ার দিকে চলে গেল। একটি বড় গোল টেবিলে কাবির আর তিশাকে মাঝখানে বসানো হয়েছে। তাদের চারপাশে তূর্য, আরিয়ান, ইয়াবি, ইশান, রিহান, লিসি, আরোবি, সুরভী, জারা, নুসরাত, হিয়া, লিজা সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে খাওয়া শুরু করল।
অন্যদিকে পরিবারের বড়রা আলাদা একটি টেবিলে বসেছেন। মির্জা বেগম, সাবেনা, কাবেনা, মাবেনা, আমেনা এবং অন্যান্য আত্মীয়রা হাসতে হাসতে গল্প করছেন। কেউ নবদম্পতিকে নিয়ে মজা করছেন, কেউ আবার অনুষ্ঠানের নাচের প্রশংসা করছেন। পুরো বাড়িজুড়ে তখন একটাই অনুভূতি অনুষ্ঠানের ক্লান্তি থাকলেও সবার মুখে তৃপ্তির হাসি। হাসি-আড্ডা, সুস্বাদু খাবারের ঘ্রাণ আর আপনজনদের উপস্থিতিতে রাতটা হয়ে উঠেছিল উষ্ণ, প্রাণবন্ত এবং স্মরণীয়।
দেখতে দেখতে রাত গড়িয়ে প্রায় দুটো।
সন্ধ্যা থেকে শুরু হওয়া বউভাতের জমজমাট অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। একে একে সব অতিথি বিদায় নিয়েছে। বিশাল রায়চৌধুরী বাড়িটা এখন আর আগের মতো কোলাহলে মুখর নয়। চারদিকে শুধু নিভু-নিভু আলো, রাতের শীতল বাতাস আর দূরের ঝিঁঝিঁ পোকার ডাক সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি।
তবে এই নীরবতা রায়চৌধুরী বাড়ির কাজিন ব্রিগেডের জন্য নয়। তাদের কাছে রাত মানেই নতুন আড্ডা।
এদিকে কাবির আর তিশাকে বহু আগেই বাসরঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্য সেটাও এত সহজে হয়নি। দরজা ধরার নামে বোনেরা এমন অবস্থা করেছিল যে শেষ পর্যন্ত কাবিরকে নগদ পনেরো হাজার টাকা গুনে তবেই নিজের ঘরে ঢোকার অনুমতি মিলেছে। সেই ঘটনা মনে পড়তেই ছাদে বসে থাকা সবাই আবারও হেসে উঠল। সবাই খাওয়াদাওয়া শেষ করে, একটু ফ্রেশ হয়ে, হাতে যার যার কফি আর কোল্ড ড্রিংকস নিয়ে বাড়ির ছাদে গোল হয়ে বসেছে।
ইয়াবি, রিহান, ইশান, তূর্য, আরিয়ান, সুরভী, আরোবি, জারা, হিয়া, লিজা, লিসি আর কিরিস একজনও বাদ নেই। রাতের শীতল বাতাসে কারও চুল উড়ছে, কেউ হাসছে, কেউ আবার একে অপরকে খোঁচা দিচ্ছে। আড্ডা জমতেই তূর্য হঠাৎ বলে উঠল
— "চল, Truth or Dare খেলি।"
— "না না, ওটা অনেক পুরোনো।"
— "তাহলে বোতল ঘোরানো হোক।"
সবাই একবাক্যে রাজি। ছাদের মাঝখানে একটা কাঁচের বোতল রাখা হলো।
বোতল ঘুরছে...
সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। প্রথম কয়েক রাউন্ডে হাসাহাসি, খুনসুটি, অদ্ভুত সব প্রশ্ন আর মজার শাস্তিতে ছাদ একেবারে মুখর হয়ে উঠল। এরপর আবার বোতলটা ঘুরল।
ঘুরছে...
ঘুরছে...
ধীরে ধীরে গতি কমে এলো শেষমেশ এসে থামল কিরিসের সামনে। তূর্যের ঠোঁটে সঙ্গে সঙ্গে শয়তানি হাসি ফুটে উঠল। ইয়াবি দুই হাত ঘষে বলল
— "এইবার আসল প্রশ্ন।"
রিহান হেসে বলল
— "দেখি আজকে Big bro কী উত্তর দেয়।"
লিসি ভ্রু কুঁচকে সবাইকে দেখছে। ওর কেন যেন মনে হচ্ছে প্রশ্নটা ওকে নিয়েই হবে। তূর্য একটু সামনে ঝুঁকে শান্ত গলায় বলল — "একটা মাত্র শব্দ।"
কিরিস ভ্রু তুলল তূর্য দুষ্ট হাসি দিয়ে আবার বললো
— "শুধু একটা শব্দে লিসিকে বর্ণনা দিবি।"
ইয়াবি যোগ করল
— "মনে রাখিস, একটা মাত্র শব্দ। কোনো দ্বিতীয় শব্দ নয়। কিন্তু সেই একটুকু শুনেই যেন আমরা বুঝতে পারি, আমাদের বোন লিসি তোর চোখে ঠিক কেমন।"
প্রশ্নটা শুনে লিসি বিস্ময়ে চোখ বড় করে তাকাল।
সুরভী অবাক হয়ে বলল — "এটা আবার কেমন প্রশ্ন?"
আরোবি হেসে উঠল — "একটা শব্দে মানুষকে বর্ণনা করা যায় নাকি?"
জারা বলল — "অসম্ভব।"
হিয়া মাথা নাড়ল লিজা বলল—
— "কিরিস ভাই এবার ধরা খেয়েছে।"
সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছে, তখনও কিরিস সম্পূর্ণ নিশ্চুপ। সে ধীরে ধীরে মুখ তুলে একবার মাত্র লিসির দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল না কোনো লজ্জা, না কোনো দ্বিধা; ছিল এক অদ্ভুত স্থিরতা তারপর অত্যন্ত শান্ত, গভীর কণ্ঠে বলল
— "Lotus."
এক মুহূর্তে পুরো ছাদ স্তব্ধ হয়ে গেল কেউ কিছু বলল না।
কিরিস আবার বলল — "শ্রাবণের ঘন বর্ষণে যখন নদীর প্রশান্ত বুকে কিংবা জলাভূমির বিস্তীর্ণ বিস্তারে অসংখ্য পদ্ম একযোগে প্রস্ফুটিত হয়, তখন প্রকৃতি যেমন নির্মল পবিত্রতা, স্নিগ্ধ সৌন্দর্য ও অপার্থিব প্রশান্তির এক অনির্বচনীয় রূপ ধারণ করে... ঠিক তেমনই লিসি।"
কিরিস থেমে গেল আর তার সেই একটি শব্দ—
"Lotus."
ছাদের শীতল রাতের বাতাসে যেন দীর্ঘক্ষণ প্রতিধ্বনিত হতে থাকল। কিরিসের কণ্ঠ থেমে যেতেই ছাদের সমস্ত কোলাহল যেন এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। অজান্তেই উপস্থিত প্রত্যেকটি দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো লিসির মুখাবয়বে। সেই মুহূর্তে যেন সত্যিই বোঝা গেল কেন কিরিস একটি মাত্র শব্দ উচ্চারণ করেছিল, "Lotus."
শ্রাবণের অবিরাম বর্ষণে বিস্তীর্ণ জলরাশির বুক জুড়ে যখন গোলাপি পদ্মগুলি নীরব মহিমায় প্রস্ফুটিত হয়ে থাকে, তখন তাদের প্রতিটি পাপড়ির উপর টলমল করে জমে থাকা স্বচ্ছ বৃষ্টিবিন্দু যেন আকাশের সমস্ত নির্মলতা নিজের বুকে ধারণ করে। মৃদুমন্দ বাতাসে যখন সেই বিন্দুগুলো কেঁপে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্য দেখে নিঃশব্দে মুগ্ধ হয়ে আছে।
পদ্মের সেই কোমল গোলাপি আভা না অতিরঞ্জিত, না বিবর্ণ; বরং এক অপার্থিব স্নিগ্ধতা, যা চোখে পড়ে না, হৃদয়ে গিয়ে স্থির হয়। তার দিকে যতবার দৃষ্টি যায়, ততবারই মনে হয় এ সৌন্দর্য দেখার নয়, অনুভব করার।
লিসিও যেন ঠিক তেমনই। তার মুখাবয়বের প্রশান্তি, ত্বকের কোমল আভা, দীর্ঘ কেশরাশির নীরব দোলন, আর দুটি স্বচ্ছ চোখ সবকিছু মিলিয়ে যেন সে কোনো মানুষ নয়, বর্ষাস্নাত জলরাশির বুকে নিঃশব্দে প্রস্ফুটিত এক দুর্লভ গোলাপি পদ্ম। যে সৌন্দর্যে কোনো কৃত্রিম জৌলুস নেই, অথচ আছে এক অদ্ভুত পবিত্রতা; যে রূপে কোনো উচ্চকণ্ঠ আহ্বান নেই, অথচ অদৃশ্য আকর্ষণে সকলের দৃষ্টি অনিবার্যভাবে থমকে যায়; যে স্নিগ্ধতা একবার হৃদয়ে স্পর্শ করলে সহজে বিস্মৃত হওয়া যায় না। সেই ক্ষণে ছাদের শীতল বাতাস, দূরের রাত, নিভু-নিভু আলো সবকিছু যেন ম্লান হয়ে গেল।
মনে হচ্ছিল, রায়চৌধুরী বাড়ির ছাদের উপর কোনো মানুষ নয়, বর্ষার প্রথম প্রহরে প্রস্ফুটিত এক অনিন্দ্যসুন্দর গোলাপি পদ্ম নীরবে বসে আছে যার সৌন্দর্য ভাষায় নয়, অনুভূতিতে পরিমাপ করা যায়।
কয়েক সেকেন্ডের নীরবতার পরই হঠাৎ পুরো ছাদ জুড়ে হাসির রোল পড়ে গেল। সবার আগে আরোবি দুই হাত তালি দিয়ে হেসে উঠল
— "চল লিসি, তোকে এখনই তুলে পদ্মা নদীতে ফেলে দিয়ে আসি। মানুষ এতদিন পদ্মফুল দেখেছে, আজকে জীবন্ত একটা পদ্মও দেখে আসুক!"
কথা শেষ হতেই সবাই আবার হো হো করে হেসে উঠল।
সুরভীও সুযোগ হাতছাড়া করল না।
— "আরে ধুর! এত দূর পদ্মা নদীতে যাওয়ার কী দরকার? আমাদের বাড়ির পেছনের পুকুরেই ফেলে দিলেই হবে।"
একটু থেমে দুষ্টু হেসে আবার বলল
— "তা-ও যদি মন না ভরে, কিরিস ভাইয়ের সুইমিং পুলে ছেড়ে দিলেই হয়। পানির উপর ভেসে থাকবে একদম আসল, জীবন্ত গোলাপি পদ্মফুল!"
ইয়াবি হেসে বলল
— "সাবধানে রেখো কিন্তু! কেউ যেন ফুল ভেবে তুলে নিয়ে না যায়।"
রিহান নাটকীয় ভঙ্গিতে মাথা নেড়ে বলল
— "এটা কিন্তু বিরল প্রজাতির পদ্ম। সংরক্ষণ করা উচিত!"
আরিয়ান সঙ্গে সঙ্গে যোগ করল
— "ভর্তি টিকিট কেটে মানুষকে দেখানো যাবে—'বিশ্বের একমাত্র জীবন্ত Lotus'!"
আবারও চারদিকে হাসির ঝড় বয়ে গেল। লিজা আর হিয়া হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ার অবস্থা, জারা মুখ চেপে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। আর এই সমস্ত কাণ্ডের কেন্দ্রবিন্দু লিসি। মেয়েটা দুই হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল। মনে হচ্ছিল, এই মুহূর্তে যদি ছাদের মেঝেটা ফেটে যেত, তাহলে নির্দ্বিধায় তার ভেতরেই লুকিয়ে পড়ত। কিন্তু অদ্ভুতভাবে, চারপাশের সেই অট্টহাসি, খুনসুটি আর ঠাট্টা কোনোটাই তার মনকে স্পর্শ করতে পারছিল না। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো কিরিসের উপর। লোকটা অন্য সবার মতো উচ্চস্বরে হাসছে না। শুধু ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি, আর সেই চিরচেনা স্থির দৃষ্টি। লিসি নিঃশব্দে ভাবল......
একজন মানুষ কত গভীরভাবে কাউকে দেখলে, কত সূক্ষ্মভাবে তার সৌন্দর্যকে অনুভব করলে, মাত্র একটি শব্দের মধ্যে এত বিশাল অনুভূতির সমগ্র বিস্তারকে ধারণ করতে পারে?
'Lotus'—
শব্দটি ছিল মাত্র একটি। কিন্তু তার অন্তরালে লুকিয়ে ছিল নির্মলতা, পবিত্রতা, প্রশান্তি, সৌন্দর্য, মুগ্ধতা আর এক অনির্বচনীয় অনুভবের বিশাল এক জগৎ। সেই মুহূর্তে লিসির মনে হলো, মানুষকে শুধু চোখ দিয়ে দেখা যায় না—কখনও কখনও হৃদয় দিয়েও দেখা যায়।
আর কিরিস... সম্ভবত তাকে ঠিক সেভাবেই দেখেছিল।
কাজিনদের হাসি-ঠাট্টা, খুনসুটি আর রাতভর আড্ডার শেষেও ছাদের বাতাসে যেন সেই একটিমাত্র শব্দ ভেসে বেড়াচ্ছিল "Lotus." একসময় সবাই হাই তুলতে তুলতে বিদায় নিল।
— "গুড নাইট!"
— "কাল সকালে দেখা হবে।"
— "আর কেউ যেন দুপুরের আগে না ওঠে!"
হাসতে হাসতে যে যার ঘরের দিকে চলে গেল। করিডোর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো।
...
নিজেদের ঘরে ঢুকেই লিসি কোনো কথা না বলে সোজা বেলকনিতে গিয়ে দাঁড়াল। রাত প্রায় শেষের দিকে।
দূরের আকাশে মেঘের ফাঁক গলে আধখানা চাঁদের আলো পড়েছে। শীতল বাতাসে তার দীর্ঘ কেশরাশি এলোমেলো হয়ে উড়ছে। ঘরের ভেতরে কিরিস ইতিমধ্যেই পোশাক বদলে ফেলেছে। কালো ট্রাউজার ছাড়া শরীরে আর কিছু নেই। প্রশস্ত কাঁধ, দৃঢ় বাহু আর প্রশিক্ষিত দেহের প্রতিটি রেখা মৃদু আলোর নিচে আরও স্পষ্ট হয়ে উঠেছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে ধীর পায়ে লিসির দিকে এগিয়ে এল। লিসি একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল
— "জামা পরে থাকতে বুঝি খুব কষ্ট হয় আপনার?"
কিরিস মৃদু হেসে শান্ত গলায় বলল
— "অভ্যাস।"
লিসি মাথা নাড়ল — "অদ্ভুত অভ্যাস।"
কিরিস আর কিছু বলল না। শুধু এসে লিসির পাশে দাঁড়াল। দু'জনেই কিছুক্ষণ নীরবে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ লিসি আস্তে করে বলল
— "একটা কথা জিজ্ঞেস করব?"
— "করো।"
— "আপনি... কী করে বললেন আমি পদ্মফুলের মতো দেখতে?"
প্রশ্নটা শুনে কিরিস ধীরে ধীরে তার দিকে ফিরল।
তার দৃষ্টিতে কোনো হাসি ছিল না, ছিল গভীর এক প্রশান্তি। সে আলতো করে দু'হাত বাড়িয়ে লিসির নরম দুটি গাল নিজের হাতের তালুতে তুলে নিল। মুহূর্তেই চারটি চোখ এক অদৃশ্য নীরবতায় আটকে গেল।
কিরিস ধীর, স্থির কণ্ঠে বলল
— "পদ্মকে কখনো তার রঙের জন্য সুন্দর বলা হয় না, লিসি। তাকে সুন্দর বলা হয় তার অস্তিত্বের জন্য। চারদিকে যতই কাদামাটি থাকুক, সে নিজের পবিত্রতা হারায় না। ঝড় আসে, বৃষ্টি নামে, ঢেউ আছড়ে পড়ে তবু সে মাথা নত করে না; বরং আরও নির্মল হয়ে ফুটে ওঠে।"
সে এক মুহূর্ত থামল তার আঙুলের স্পর্শ আরও কোমল হয়ে উঠল। লিসি চোখ থেকে একটুও চোখ সরালো না।
— "তোমার মাঝেও আমি সেই বৈশিষ্ট্যটাই দেখি। পৃথিবী তোমার চারপাশে যতই অস্থির হোক, তোমার ভেতরের নির্মলতা, কোমলতা আর নিঃশব্দ সৌন্দর্য কখনো মলিন হয় না। তোমাকে দেখে চোখে যতটা শান্তি পাই, তার চেয়েও বেশি শান্তি পাই তোমার মনটাকে অনুভব করে।"
কিরিসের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল।
— "আর সেই কারণেই..."
সে খুব আস্তে বলল — " You Are My Lotus।"
শব্দগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে লিসির চোখের পলক যেন থমকে গেল। তার ঠোঁটের কোণে অজান্তেই একটুকরো লাজুক হাসি ফুটে উঠল। বাইরে রাতের বাতাস নীরবে বয়ে চলেছে। দূরে কোথাও নিশাচর পাখির ডাক ভেসে এলো। কিন্তু সেই মুহূর্তে তাদের দু'জনের নীরবতাই যেন হাজারো শব্দের চেয়ে বেশি অর্থ বহন করছিল। আর কোনো কথা হলো না। লিসি মৃদু হেসে কিরিসের হাতটা একবার ছুঁয়ে ঘরের ভেতরে চলে গেল।
কিরিসও শেষবারের মতো রাতের আকাশের দিকে তাকিয়ে বেলকনির দরজা টেনে দিল। তারপর ঘরের আলো নিভে গেল। দীর্ঘ, ক্লান্ত অথচ অদ্ভুত শান্ত এক দিনের শেষে দু'জনেই নিজেদের স্বপ্ন আর নীরব অনুভূতি সঙ্গে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল।

ভোরের নরম আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে ঘরের ভেতর ঢুকে পড়েছে। রাতের সমস্ত ক্লান্তি যেন সেই আলোয় ধুয়ে যাচ্ছে। বিছানার এক পাশে গভীর ঘুমে আচ্ছন্ন কিরিস। এক হাত শক্ত করে জড়িয়ে রেখেছে লিসির কোমর, যেন ঘুমের মধ্যেও তাকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দিতে রাজি নয়। লিসির ঘুম আজ অস্বাভাবিকভাবেই একটু ভোরে ভাঙল। চোখ খুলেই প্রথমে কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে কিরিসের বাহুর দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল।
আস্তে করে হাতটা সরিয়ে উঠে বসার চেষ্টা করতেই
কিরিস ঘুমের মধ্যেই আরও শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল। লিসি অসহায় মুখ করে ফিসফিসিয়ে বলল — "আরে... ছাড়ুন তো। ওয়াশরুমে যাব।"
কিরিস আধোঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে শুধু বলল
— "হুম..."
তারপর ধীরে ধীরে হাতটা ছেড়ে দিয়ে উল্টো দিকে কাত হয়ে শুয়ে পড়ল। এখন তার প্রশস্ত পিঠটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। ভোরের আবছা আলোয় সুগঠিত কাঁধ, দৃঢ় পেশির স্পষ্ট রেখা আর অসংখ্য কঠোর অনুশীলনের ছাপ যেন নিঃশব্দেই তার ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করছে।
একবার তাকিয়েই লিসি দ্রুত চোখ ফিরিয়ে নিল।
মুখের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল।
তারপর ধীর পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল।
আজ অনেকদিন পর তার একটা কথা হঠাৎ মনে পড়েছে। ক্লাসিক্যাল নৃত্যের কথা। বিয়ে, অনুষ্ঠান, অতিথি সবকিছুর ভিড়ে প্রায় কয়েক দিন ধরেই অনুশীলনই করা হয়নি। আর যদি কোনোভাবে দাদু মানে আকবর খান জানতে পারেন যে সে নিজের নিয়ম ভেঙে অনুশীলন বন্ধ রেখেছে... তাহলে আর রক্ষা নেই। এই ভাবনাতেই সে আলমারি খুলে খুব সাধারণ অথচ অপরূপ একটি শাড়ি বের করল। পরিপাটি করে শাড়ি পরল, চুলটা আলতো করে বেঁধে কপালে ছোট্ট একটি টিপ পরতেই তার মধ্যে যেন এক অনন্য শাস্ত্রীয় সৌন্দর্য ফুটে উঠল। শেষবারের মতো একবার ঘুমন্ত কিরিসের দিকে তাকিয়ে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল।
...
নিচে নেমে দেখে পুরো রায়চৌধুরী বাড়ি এখনো ঘুমে আচ্ছন্ন। বিশাল অট্টালিকাজুড়ে অদ্ভুত এক নীরবতা।
দেয়ালঘড়িতে তখন মাত্র সকাল ছয়টা। তবে রান্নাঘরের দিক থেকে হালকা শব্দ ভেসে আসছে। লিসি এগিয়ে গিয়ে দেখে প্রিয়া সুপ্রিয়া ইতিমধ্যেই উঠে পড়েছেন।
রান্নাঘরে সকালের কাজ গুছিয়ে নিচ্ছেন। লিসি মিষ্টি হেসে বলল
— "আম্মু... আপনি এত সকালে?"
সুপ্রিয়া ফিরে তাকিয়ে স্নেহভরা হাসলেন
— "বয়স হয়ে গেছে মা। ভোরে ঘুম ভেঙে যায়। তুই এত সকালে?"